রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের চট্টগ্রামের একটি শাখার কর্মকর্তাদের যোগসাজশে অনুমোদিত সীমার ২১ গুণের বেশি ঋণসুবিধা নিয়েছে বায়েজিদ অ্যাপারেলস (প্রা.) লিমিটেড নামের একটি পোশাক কারখানা। মাত্র ৮ কোটি টাকার ব্যাক-টু-ব্যাক ঋণপত্র (এলসি) খোলার অনুমোদন থাকলেও প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে প্রায় ১৬৯ কোটি টাকা। ব্যাংকের কেন্দ্রীয় হিসাব ব্যবস্থায় তথ্য নথিভুক্ত না করে এসব লেনদেন করা হয়েছে বলে অভ্যন্তরীণ নিরীক্ষায় উঠে এসেছে।
চলতি বছরের জানুয়ারিতে পরিচালিত নিরীক্ষায় এসব অনিয়মের তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে জালিয়াতির ঘটনাগুলো ঘটে। এ ঘটনায় গত ফেব্রুয়ারিতে শাখা ব্যবস্থাপকসহ চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ। নিরীক্ষায় আরও উঠে এসেছে, প্রতিষ্ঠানটির কাছে থাকা পুরো দেনাই বর্তমানে খেলাপি ঋণে পরিণত হয়েছে।
বায়েজিদ অ্যাপারেলস ২০১৮ সাল থেকে রূপালী ব্যাংকের চট্টগ্রামের রূপালী সদন শাখার মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করে আসছিল। শুরুতে প্রতিষ্ঠানটির ব্যাক-টু-ব্যাক এলসি খোলার সীমা ছিল সাড়ে ৩ কোটি টাকা। ২০২২ সালে তা বাড়িয়ে ৮ কোটি টাকা করা হয়। তবে ২০২৩ সালের আগস্টে এই সুবিধার মেয়াদ শেষ হলেও তা আর নবায়ন করা হয়নি।
নিরীক্ষা প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, তৎকালীন শাখা ব্যবস্থাপক, একজন সহকারী মহাব্যবস্থাপক (এজিএম), একজন প্রিন্সিপাল অফিসার ও আরেক কর্মকর্তা প্রতিষ্ঠানটির সঙ্গে যোগসাজশ করে নিয়মবহির্ভূতভাবে এলসি খোলার কার্যক্রম চালিয়ে যান। ব্যাংকের কেন্দ্রীয় হিসাব ব্যবস্থা বা কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কোনো তথ্য নথিভুক্ত না করেই আন্তর্জাতিক ব্যাংকিং যোগাযোগব্যবস্থা সুইফটের মাধ্যমে বিভিন্ন রপ্তানি চুক্তির বিপরীতে ব্যাক-টু-ব্যাক এলসি খোলা হয়। এমনকি যথাযথ চুক্তিপত্র ছাড়াই সুইফটের সংশোধনীর মাধ্যমে এলসির পরিমাণ বাড়ানো হয়েছে। এতে ব্যাংকের প্রধান কার্যালয় ও বাংলাদেশ ব্যাংকের কাছে শাখাটির প্রকৃত আর্থিক দায় ও ঝুঁকির চিত্র গোপন থাকে। একই রপ্তানি চুক্তির বিপরীতে একাধিক উৎস থেকে অর্থায়ন নেওয়ার সুযোগও তৈরি করে দেয় শাখাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানি চুক্তিমূল্যের ৭৪ শতাংশ পর্যন্ত ব্যাক-টু-ব্যাক এলসি সুবিধা দেওয়ার পরও অসম্পূর্ণ রপ্তানি বিলের বিপরীতে একই চুক্তির আওতায় আরও ৬৫ শতাংশ পর্যন্ত ফরেন বিল পারচেজ সুবিধা দেওয়া হয়। পাশাপাশি স্থায়ী আমানতের রসিদ (এফডিআর) জামানত রেখে অনুমোদনের শর্ত লঙ্ঘন করে অতিরিক্ত ঋণ বা ওভারড্রাফট সুবিধাও দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রায় ৯৫ শতাংশ ব্যাক-টু-ব্যাক এলসি ক্রেতা-মনোনীত সরবরাহকারীদের মাধ্যমে খোলা হলেও সংশ্লিষ্ট সরবরাহকারীদের ঋণমান প্রতিবেদন সংগ্রহ করেনি শাখাটি। গ্রাহকের প্রকৃত দায় সিবিএস ও ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) নথিভুক্ত না করে গোপন রাখা হয়। এমনকি বায়েজিদ অ্যাপারেলসের মেয়াদোত্তীর্ণ দায় পরিশোধে অন্য গ্রাহকদের ব্যাক-টু-ব্যাক এলসির বিপরীতে সংরক্ষিত রিজার্ভ তহবিলও ব্যবহার করা হয়েছে।
৭৬ কোটি টাকা পরিশোধ করেছে রূপালী ব্যাংক
বায়েজিদ অ্যাপারেলস এলসির বিপরীতে পণ্য রপ্তানি করতে ব্যর্থ হওয়ায় ব্যাংককে বিদেশি সরবরাহকারীদের ১৬১টি আমদানি বিলের অর্থ পরিশোধ করতে হয়েছে। এসব বিলের বিপরীতে ব্যাংকটি বাধ্যতামূলক ঋণ বা ফোর্সড লোন হিসাব খুলে ৭৬ কোটি ১৩ লাখ টাকা পরিশোধ করেছে। সাধারণত কোনো গ্রাহক আমদানি বিলের অর্থ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক নিজে সেই অর্থ পরিশোধ করে গ্রাহকের নামে ঋণ হিসেবে দেখায়। একে ফোর্সড লোন বলা হয়।
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঋণ তৈরির ক্ষেত্রেও প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করেনি শাখাটি। ব্যাংকিং বিধি অনুযায়ী, ফোর্সড লোন তৈরির আগে এলসির বিপরীতে আমদানি করা পণ্যের বিস্তারিত মজুত প্রতিবেদন তৈরি এবং ঋণের বিপরীতে জামানত নেওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে কোনো মজুত প্রতিবেদন তৈরি করা হয়নি, নেওয়া হয়নি অতিরিক্ত জামানতও। বৈদেশিক মুদ্রা লেনদেনের নির্দেশনা অনুযায়ী, রপ্তানি ব্যর্থ হলে ব্যাংককে তাৎক্ষণিকভাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সংশ্লিষ্ট কাস্টমস কমিশনারকে জানাতে হয়। পরে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয়। কিন্তু রূপালী ব্যাংকের ওই শাখা এসব নিয়মও অনুসরণ করেনি।
নিরীক্ষায় দেখা গেছে, মেয়াদোত্তীর্ণ ১৬১টি বিলের প্রতিটির বিপরীতে আলাদা ফোর্সড লোন হিসাব খোলার পরিবর্তে সিবিএসে মাত্র পাঁচটি হিসাবে ৬২ লাখ ৫৩ হাজার ডলার বা ৭৬ কোটি ১৩ লাখ টাকার দায় নথিভুক্ত করা হয়েছে।
অর্থ আদায়ে কারখানার গুদামে নজর ব্যাংকের
অনিয়মের মাধ্যমে আমদানি করা পণ্যগুলো বায়েজিদ অ্যাপারেলসের কারখানায় পৌঁছেছে এবং এখনো গুদামে রয়েছে বলে নিরীক্ষায় জানা গেছে। নিরীক্ষার পর কাস্টমস কর্তৃপক্ষ কারখানাটি
সিলগালা করলেও পরে তা খুলে দেওয়া হয়। বর্তমানে গুদামে থাকা পণ্য বিক্রি কিংবা রপ্তানির মাধ্যমে পাওনা অর্থ উদ্ধারের চেষ্টা করছে রূপালী ব্যাংক। ব্যাংকটির ফরেন ট্রেড, ফাইন্যান্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিভিশনের মহাব্যবস্থাপক মইন উদ্দিন মাসুদ বলেন, অনিয়মগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পণ্যগুলো এখনো গুদামে রয়েছে। সেগুলো রপ্তানি করা সম্ভব হলে ব্যাংকের অর্থ ফেরত পাওয়া যাবে। তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকের একটি দলও বিষয়টি তদন্ত করছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় জড়িত শাখা কর্মকর্তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
২৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ
রূপালী ব্যাংকের নিরীক্ষার পাশাপাশি বায়েজিদ অ্যাপারেলসের বিরুদ্ধে শুল্ক ও কর ফাঁকির অভিযোগও পেয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। পৃথক তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় আমদানি করা ৫ লাখ ৬৮ হাজার কেজি কাপড় অবৈধভাবে বন্ডেড ওয়্যারহাউস থেকে সরিয়ে নিয়েছে। এর মাধ্যমে প্রায় ২৩ কোটি টাকার শুল্ক ও কর ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কাস্টমসের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি কাস্টমস আইন ও বন্ডেড ওয়্যারহাউসিং লাইসেন্সিং বিধিমালা লঙ্ঘন করেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৩০ দিনের মধ্যে ফাঁকি দেওয়া শুল্ক ও কর পরিশোধ না করার কারণ এবং বন্ড লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে না কেন, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো উৎপাদন ও রপ্তানির শর্ত মেনে শুল্ক ও কর ছাড়াই কাঁচামাল আমদানি করতে পারে।
অভিযোগ অস্বীকার প্রতিষ্ঠানের
বায়েজিদ অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান আরজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির বাণিজ্যিক ব্যবস্থাপক খোরশেদ আলম অভিযোগগুলোর বিস্তারিত জবাব দিতে রাজি হননি। তবে তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটি যথাযথ নিয়ম মেনেই ব্যবসা পরিচালনা করছে। মাত্র ৮ কোটি টাকার এলসি সীমার বিপরীতে কীভাবে প্রায় ১৬৯ কোটি টাকার পণ্য আমদানি করা হলো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁদের আরও বেশি অর্থায়ন নেওয়ার সীমা ছিল। রূপালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাই বিষয়টি নিয়ে কাজ করছে।
শুল্ক ফাঁকি ও কাস্টমসের তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে খোরশেদ আলম বলেন, তাঁরা কাস্টমস কর্তৃপক্ষকে জবাব দিয়েছেন। এ বিষয়ে তাঁদের একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে এবং সেই অনুযায়ী কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
