মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পে ফুটবল মাঠে বিশ্ববাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আদালতের রায় শুধু কাগজে-কলমে থাকলে চলবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার জন্য নিরাপত্তা, বৈষম্য থেকে সুরক্ষা, চলাচলের স্বাধীনতা এবং নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা জরুরি। সমাবেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তব্যে ড. খলিলুর রহমান বলেন, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার ঐতিহাসিক রায় দিয়েছেন। আদালত রোহিঙ্গাদের নাম উল্লেখ করেছেন এবং ২০১৭ সালে তাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, আদালত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং রোহিঙ্গাদের গ্রাম ধ্বংসের প্রমাণ পেয়েছেন। আদালত অন্তত ১০ হাজার মানুষ হত্যার প্রমাণের কথাও উল্লেখ করেছেন। এসব অপরাধের পেছনে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।
রোহিঙ্গাদের পরিচয়ের গুরুত্ব তুলে ধরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, আদালত তাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যাদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক বহু প্রজন্মের। তার ভাষায়, এই রায় রোহিঙ্গাদের পরিচয় ও ইতিহাসের স্বীকৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কোনো রায়ই নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারিয়ে তুলতে পারবে না। তবে সত্যের স্বীকৃতি ন্যায়বিচারের সূচনা। এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাক্ষ্য আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়েছে।
চার দফা আহ্বান
বক্তব্যে রায় বাস্তবায়নের জন্য চারটি বিষয়ে গুরুত্ব দেন ড. খলিলুর রহমান। প্রথমত, গণহত্যা সনদের আওতায় নিষিদ্ধ অপরাধের সঙ্গে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, আদালত মিয়ানমারের জাতীয় আইনের ঘাটতি দূর করা এবং এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। মিয়ানমারকে সদিচ্ছার সঙ্গে এসব বাধ্যবাধকতা পূরণ করতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।
রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে সদস্যরাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তা না হলে আদালতের রায় রোহিঙ্গাদের জীবনে প্রত্যাশিত পরিবর্তন আনতে পারবে না। দ্বিতীয় আহ্বানে তিনি রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ওপর জোর দেন। ড. খলিলুর রহমান বলেন, মিয়ানমারকে তাদের কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ তৈরি করতে হবে। মিয়ানমারের ভেতরে বাস্তুচ্যুত এবং সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়া—উভয় শ্রেণির মানুষের ক্ষেত্রেই এই দায়িত্ব প্রযোজ্য।
তিনি বলেন, পরিবারগুলোকে পুনরায় একত্রিত করা, হারিয়ে যাওয়া বাড়িঘর, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া অথবা বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। আহত ব্যক্তিদের চিকিৎসা, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং রোহিঙ্গাদের সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী মৃতদের মর্যাদার সঙ্গে পুনরায় দাফনের ব্যবস্থাও করতে হবে। প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গারা বারবার নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। তবে কাউকে বিপদের মুখে ফেরত পাঠানো যাবে না। নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য তাদের প্রকৃত সুরক্ষা, বৈষম্য থেকে মুক্তি, চলাচলের স্বাধীনতা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ থাকতে হবে।
নাগরিকত্বের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে ড. খলিলুর রহমান বলেন, বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষার মধ্যে নাগরিকত্ব পাওয়ার অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের নিজস্ব মতামত ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের প্রবেশাধিকারও মিয়ানমারকে নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত শরণার্থীশিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে।
তৃতীয় আহ্বানে ক্ষতিপূরণের বিষয়টি তুলে ধরেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। তিনি বলেন, যেসব বস্তুগত ক্ষতির প্রতিকার শুধু সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়, সেসব ক্ষতির জন্য রোহিঙ্গাদের ব্যক্তিগত ও সামষ্টিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। ড. খলিলুর রহমান এসময় উল্লেখ করেন, পুনরুদ্ধারমূলক ব্যবস্থা হিসেবে মিয়ানমার কী পদক্ষেপ নিয়েছে এবং ক্ষতিপূরণের প্রস্তাবিত পরিমাণ ও পদ্ধতি কী হবে, সে বিষয়ে দুই বছরের মধ্যে প্রতিবেদন দিতে হবে। তিনি বলেন, অর্থ দিয়ে কোনো জীবন ফিরিয়ে আনা বা স্বজন হারানোর শূন্যতা পূরণ করা সম্ভব নয়। তবে যথাযথ ক্ষতিপূরণ বেঁচে থাকা ব্যক্তিদের নিরাপত্তাবোধ ও আশার জায়গা পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। এ ক্ষেত্রে নারী ও তরুণদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে।
মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, শিশুদের খাদ্য ও শিক্ষা, পরিবারগুলোর স্বাস্থ্যসেবা, আশ্রয় ও সুরক্ষা প্রয়োজন। বাংলাদেশের সরকার ও জনগণের একার পক্ষে এই দায়িত্ব বহন করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে উন্নয়ন সহযোগীদের, শিবিরগুলোতে মানবিক সহায়তার জন্য অর্থায়ন বাড়াতে হবে।
চতুর্থ আহ্বানে রায় মেনে চলা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে মিয়ানমারের দায়িত্বের কথা বলেন তিনি। এ জন্য আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদের কথা উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘের প্রতিটি সদস্যরাষ্ট্র সংশ্লিষ্ট মামলায় আইসিজের সিদ্ধান্ত মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। কোনো রাষ্ট্র তা করতে ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদের কাছে যাওয়ার সুযোগ রয়েছে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে রায় বাস্তবায়নের পরবর্তী করণীয় নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
