হিলিতে রাজস্ব আহরণে ঘাটতি ৪২ শতাংশের বেশি

আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের অভিযোগ, কাস্টমসের উচ্চমূল্যে শুল্কায়ন, পরীক্ষার নামে প্রশাসনিক হয়রানি, অন্যান্য বন্দরের তুলনায় নীতিগত বৈষম্য এবং নানা ধরনের অসহযোগিতার কারণে হিলি স্থলবন্দর দিয়ে শুল্কযুক্ত পণ্য আমদানি আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর ফলে বিদায়ী অর্থবছরে ১ হাজার ৪৫ কোটি ৫৫ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে মাত্র ৫৯৭ কোটি ৯ লাখ টাকা। এতে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪৪৮ কোটি ৪৬ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার ৪২ দশমিক ৮৯ শতাংশ। তবে কাস্টমস কর্তৃপক্ষের দাবি, এলসি (ঋণপত্র) খোলার হার কমে যাওয়া এবং শুল্কমুক্ত পণ্যের আমদানি বেড়ে যাওয়াই বড় ধরনের রাজস্ব ঘাটতির মূল কারণ।

হিলি স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দর থেকে মোট ১ হাজার ৪৫ কোটি ৫৫ লাখ টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এর মধ্যে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৫৬ কোটি ২১ লাখ টাকার বিপরীতে আহরণ হয় ৩৩ কোটি ৭৪ লাখ টাকা। আগস্টে ৫৬ কোটি ২১ লাখের বিপরীতে ৪৪ কোটি ৮৮ লাখ টাকা, সেপ্টেম্বরে ৭২ কোটি ৮ লাখের বিপরীতে ৪৫ কোটি ৪৮ লাখ, অক্টোবরে ৯১ কোটি ৭১ লাখের বিপরীতে ৫৬ কোটি ৫৯ লাখ, নভেম্বরে ৫৩ কোটি ৯৬ লাখের বিপরীতে ৪২ কোটি ৯৯ লাখ এবং ডিসেম্বরে ৭৮ কোটি ২৫ লাখের বিপরীতে আহরণ হয় ৪৭ কোটি ৭০ লাখ টাকা।

এছাড়া জানুয়ারিতে ৭১ কোটি ৬৯ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৪৪ কোটি ৯১ লাখ, ফেব্রুয়ারিতে ৯৫ কোটি ৯২ লাখের বিপরীতে ৫৬ কোটি ৮১ লাখ, মার্চে ১৩৮ কোটি ৮৬ লাখের বিপরীতে ৬১ কোটি ৩৯ লাখ, এপ্রিলে ৫১ কোটি ৪৫ লাখের বিপরীতে ৬৫ কোটি ২৯ লাখ, মে মাসে ২০৩ কোটি ৩৮ লাখের বিপরীতে ৫৯ কোটি ৫৫ লাখ এবং অর্থবছরের শেষ মাস জুনে ৭৫ কোটি ৮৪ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৭ কোটি ৮৬ লাখ টাকা। হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট জাবেদ হোসেন রাসেল বলেন, উচ্চ শুল্কযুক্ত পণ্য এ বন্দর দিয়ে আমদানি না হওয়াই রাজস্ব ঘাটতির অন্যতম কারণ। তাঁর অভিযোগ, ব্যবসায়ীরা সরকারি সব নিয়ম মেনে চললেও অন্যান্য বন্দরে তা মানা হচ্ছে না। ফলে সেসব বন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে উচ্চ শুল্কের পণ্য আমদানি করা হচ্ছে। এ অনিয়ম বন্ধ করা না হলে শুধু হিলি নয়, কোনো বন্দর থেকেই সরকারের রাজস্ব ঘাটতি পূরণ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম অভিযোগ করে বলেন, ‘এ বন্দরের কাস্টমসসহ অন্যান্য কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন ধরে আমদানিকারকদের হয়রানি, মনগড়া অ্যাসেসমেন্ট এবং ইচ্ছামতো মালামাল ল্যাব টেস্টে পাঠানোর মতো সিদ্ধান্ত নিচ্ছে। এসব কর্মকাণ্ডের ফলে আমদানিকারকরা হিলি দিয়ে পণ্য আমদানিতে আগ্রহ হারিয়ে ফেলছেন।’ এছাড়া সড়কের বেহাল দশার কারণে ঢাকা, চট্টগ্রাম বা সিলেটের মতো গুরুত্বপূর্ণ মোকামগুলোয় দ্রুত পণ্য পৌঁছানো সম্ভব হয় না বলে দাবি করেন তিনি।

আমদানিকারক হযরত আলী সরদার জানান, বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে দিনে মাত্র ৫-১৫টির বেশি ট্রাক ঢুকছে না, ফলে সরকার নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া অসম্ভব হয়ে পড়েছে। কাস্টমস কর্তৃপক্ষের অসহযোগিতার সমালোচনা করে তিনি বলেন, ‘ছোটখাটো সাধারণ বিষয় নিয়েও ফাইল রংপুরে পাঠিয়ে দেয়া হচ্ছে, যা অন্যান্য বন্দরে করা হয় না। শতভাগ শুল্ক পরিশোধ সত্ত্বেও কাস্টমসের এমন হয়রানির কারণে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন। ফলে আমদানিকারকরা এ বন্দর থেকে বিমুখ হয়ে অন্যান্য বন্দরে চলে যাচ্ছেন।’

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধ, ভারতীয় ভিসা বন্ধ থাকায় ব্যবসায়ীদের যোগাযোগে বাধা এবং ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি কমার্শিয়াল পণ্য আমদানি না হওয়া, পর্যাপ্ত জায়গার সংকট, বর্ষাকালে পণ্য লোড-আনলোডে ভোগান্তি এবং সড়কের বেহাল অবস্থার কারণেও বাণিজ্য কমেছে।

তাঁর দাবি, অন্যান্য বন্দরের মতো পাথর, কয়লা ও ছাইয়ের মতো বাল্ক পণ্য শুল্ক পরিশোধ করে নিজস্ব ইয়ার্ডে আনার সুযোগ দেওয়া হলে হিলি দিয়ে ব্যবসা-বাণিজ্য আবারও বাড়বে। অন্যদিকে, হিলি স্থল শুল্ক স্টেশনের সদ্যবিদায়ী ডেপুটি কমিশনার সন্তোষ সরেন বলেন, এলসি খোলার হার কমে যাওয়া এবং শুল্কমুক্ত বা শূন্য রেটের পণ্যের আমদানি বেড়ে যাওয়াই রাজস্ব ঘাটতির মূল কারণ। তাঁর মতে, শুল্কযুক্ত পণ্যের আমদানি বাড়লে রাজস্ব আদায়ও বাড়বে। তিনি আরও বলেন, কাস্টমসের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই; বরং কর্মকর্তারা সর্বাত্মক সহযোগিতা করছেন এবং একই দিনে কায়িক পরীক্ষা, শুল্কায়ন ও পণ্য ছাড়করণের সেবা দেওয়া হচ্ছে।