সরকারি কর্মকর্তারা চলতি মাসের বেতনের সঙ্গে বাড়তি অর্থ পাওয়া শুরু করবেন। নতুন বেতন–ভাতা কার্যকর হলেও এবারের আয়কর রিটার্নে বাড়তি বেতন–ভাতার তথ্য দিতে হবে না। রিটার্নে গত অর্থবছরে অর্জিত আয়ের হিসাব দেখিয়ে সেই আয়ের ওপর কর দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর আইন অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের তিন ধরনের আয় করযোগ্য। অন্যদিকে ৪২ ধরনের আয় করমুক্ত।
বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাঁদের একটি অংশ এখনো করজালের বাইরে থাকলেও আয়কর আইন অনুযায়ী নির্দিষ্ট আয়ের ওপর কর দেওয়া বাধ্যতামূলক। দশম গ্রেড বা তার ওপরের পদমর্যাদার কর্মকর্তাদের আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক, তবে অন্যদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। রিটার্ন দাখিল না করলে বেতন-ভাতা পেতে জটিলতা তৈরি হতে পারে। তবে গত জুলাই থেকে কার্যকর হওয়া নতুন বেতন-ভাতার হিসাব এবারের রিটার্নে দেখাতে হবে না। এবার ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত আয়ের হিসাব দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার সারা বছর রিটার্ন দাখিলের সুযোগ রেখেছে। সরকারি কর্মকর্তাদের সব ধরনের আয়ের ওপর কর দিতে হয় না; কিছু আয় করমুক্ত রাখা হয়েছে।
৩ ধরনের আয় কর বসবে
২০২৩ সালের ১৩ জুলাইয়ের আয়করের ২২৫ নম্বর প্রজ্ঞাপন অনুসারে, একজন কর্মচারীর মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয় হিসেবে ধরা হবে। এসব আয়ের ওপর নির্ধারিত হারে আয়কর দিতে হবে।
৪২ ধরনের ভাতা করমুক্ত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৬–২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকা অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা, নববর্ষ, বাড়িভাড়া, শ্রান্তি ও বিনোদন, শিক্ষা সহায়ক, কার্যভার, পাহাড়ি, ভ্রমণ, যাতায়াত, টিফিন, পোশাক, আপ্যায়ন, ধোলাই, বিশেষ ও প্রেষণ ভাতা। এ ছাড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ, জুডিশিয়াল, চৌকি, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স, ঝুঁকি, অ্যাকটিং, মোটরসাইকেল, আর্মরার, নিঃশর্ত যাতায়াত, টেলিকম, ক্লিনার, ড্রাইভার, মাউন্টেড পুলিশ, পিবিএক্স, সশস্ত্র শাখা, বিউগলার ও নার্সিং অ্যালাউয়েন্সও করমুক্ত। এর পাশাপাশি দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউয়েন্স, রেশন মানি, সীমান্ত, ব্যাটম্যান, ইন্সট্রাকশনাল, নিযুক্তি, আউটফিট ও গার্ড পুলিশ ভাতাও এ তালিকায় রয়েছে। তবে সব সরকারি চাকরিজীবী এসব ভাতা পান না; পদ ও চাকরির ধরন অনুযায়ী সংশ্লিষ্ট ভাতা দেওয়া হয়।
