সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাজেট অধিবেশন রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রোববার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন নির্বিঘ্নে পরিচালনা এবং জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকার শান্তি–শৃঙ্খলা রক্ষার স্বার্থে শনিবার রাত ১২টা থেকে নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’

ডিএমপি ঘোষিত এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো হলো— মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর, পান্থপথ–ফার্মগেট, শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব এলাকার অন্তর্ভুক্ত সব সড়ক ও গলিপথ। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।