ঘুষ গ্রহণের কথা স্বীকার, কাস্টমস কর্মকর্তা বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর সদর দপ্তরে কর্মরত আলোচিত রাজস্ব কর্মকর্তা (আরও) মো. সিরাজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কর্মস্থলে দুর্নীতি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়া এবং শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়ার পর এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী মো. সিরাজুল ইসলামকে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, মো. সিরাজুল ইসলাম কর্মক্ষেত্রে তার দুর্নীতি সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে প্রকাশ্যে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন এবং শিষ্টাচারবহির্ভূত কথাবার্তা বলেছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মো. সিরাজুল ইসলামের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে তিনি নিজেই ঘুষ গ্রহণের কথা স্বীকার করে বলেন, তিনি ঘুষ খান, তবে কাউকে জোর করেন না; কেউ যা দেয়, তিনি তাই নেন। তার এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজস্ব প্রশাসনসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পরে রহস্যজনকভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমের সংশ্লিষ্ট পেজ থেকে সরিয়ে ফেলা হয়। তবে এরই মধ্যে বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এদিকে, বিতর্কিত এই রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন-এ একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে তার বিপুল সম্পদ ও আর্থিক লেনদেনের বিষয়ে তদন্তের দাবি জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অভিযোগগুলোর বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হলে মো. সিরাজুল ইসলামের আর্থিক কর্মকাণ্ড, সম্পদের উৎস এবং চাকরিজীবনের বিভিন্ন সিদ্ধান্ত পর্যালোচনা করা হতে পারে। তদন্তের ফলাফলের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।