সব শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের কর্পোরেট কর ৫ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড-এর কাছে এ প্রস্তাব জমা দেওয়া হয়, যা উপস্থাপন করেন সিপিডির গবেষণা সহযোগী তামিম হোসেন।
সিপিডির বাজেট প্রস্তাবনায় বলছে, উচ্চ মূল্যস্ফীতির চাপ কমানোর পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করতে বাস্তবসম্মত বাজেট কাঠামো নির্ধারণ জরুরি। বাজারে প্রতিযোগিতা তদারকি জোরদার ও সরবরাহ ব্যবস্থার নজরদারি বাড়িয়ে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে হবে। একই সঙ্গে নিম্ন আয়ের মানুষের জন্য লক্ষ্যভিত্তিক ভর্তুকি, নগদ সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। পোস্ট-এলডিসি বাস্তবতায় প্রস্তুতির অংশ হিসেবে শুল্ক ও প্যারাট্যারিফ যৌক্তিকীকরণ, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে শুল্কহার নির্ধারণ এবং প্রত্যক্ষ ভর্তুকি ধীরে ধীরে কমানোর সুপারিশ করেছে সংস্থাটি।
বিনিয়োগ পরিবেশ উন্নত করতে ব্যবসা নিবন্ধন, লাইসেন্সিং, কর ও নিয়ন্ত্রক সেবাকে একীভূত করে পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ান-স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম চালুর জন্য আলাদা বাজেট বরাদ্দের সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। একই সঙ্গে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণনির্ভরতা কমানো এবং ঘাটতি অর্থায়নে ভারসাম্যপূর্ণ উৎস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। জ্বালানি খাতে বড় নতুন বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, বিশেষ করে জীবাশ্ম জ্বালানিভিত্তিক উদ্যোগ এড়িয়ে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে; পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং সংশ্লিষ্ট উপকরণে কর কমানোর কথাও উল্লেখ করা হয়েছে।
জলবায়ু মোকাবিলায় জিডিপির অন্তত ১ শতাংশ এবং মোট বাজেটের ১০ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার প্রস্তাব করেছে সিপিডি। কৃষিখাতে সমন্বিত ডিজিটাল কৃষক ডাটাবেজ ও স্মার্ট কার্ড চালুর মাধ্যমে ভর্তুকি ও সহায়তা কার্যক্রম এক প্ল্যাটফর্মে আনার সুপারিশ করা হয়েছে। এছাড়া ৬০ হাজার কোটি টাকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি টেকসইভাবে অর্থায়নের ওপর গুরুত্বারোপ, স্বাস্থ্যখাতে জনবল বৃদ্ধি ও গ্রামাঞ্চলে নিয়োগ জোরদার, এবং শিক্ষা খাতে সব ধরনের উপবৃত্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছে সিপিডি।
