শাহজালালে সোয়া ৮ কেজি স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিমানের সামনে থেকে কার্গো হোল্ডে পরিত্যক্ত অবস্থায় ৮ দশমিক ১২০ কেজি ওজনের ৭০টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি টাকা। বৃহস্পতিবার (৭ আগস্ট) এই স্বর্ণ উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার এস এম সরাফত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে কাতারের দোহা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৬ ফ্লাইটে গোপন সংবাদের ভিত্তিতে রামেজিং বা তল্লাশি করা হয়। বিমানটির সামনের কার্গো হোল্ডে রামেজিংয়ের সময় কাপড়ের ভেতর কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৭০টি স্বর্ণবার পরিত্যক্তভাবে উদ্ধার করা হয়। যার ওজন ৮ দশমিক ১২০ কেজি। আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। বিমানবন্দর ইনচার্জ কাস্টমসের যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার ও সহকারী কমিশনার এস এম সরাফত হোসেনের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেন। তবে কাউকে আটক করা যায়নি।

এ বিষয়ে কমিশনার মুহম্মদ জাকির হোসেন বলেন, বাংলাদেশ কাস্টমস দেশীয় অর্থনীতিকে সুরক্ষিত রাখতে, বৈদেশিক মুদ্রা পাচার ও চোরাচালান রোধে সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও কাস্টমস দক্ষতার সঙ্গে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। উদ্ধারকৃত স্বর্ণ যথাযথ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে জমা প্রদান করা হবে। এই ঘটনায় কাস্টমস আইন, ২০২৩ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কীভাবে কার্গো হোল্ডে এত পরিমাণ স্বর্ণ প্রবেশ করলো এবং কারা এতে জড়িত-এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে বলে জানান কমিশনার।