লালমনিরহাটে অবৈধ বিড়ি উৎপাদনের সরঞ্জাম জব্দ

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী অবৈধ তামাকজাত পণ্য ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর। এরই ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ও লালমনিরহাট ভ্যাট ডিভিশনের যৌথ দল লালমনিরহাটের হরিণছড়া-খুনিয়াগাছ এলাকায় একটি বাসায় অভিযান চালায়। এ সময় বাসাটি তল্লাশি করে বিড়ির প্যাকেটের এক বস্তা লেভেল এবং বিড়ির ফিল্টারের আধা বস্তা লেভেল জব্দ করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দ করা এসব সামগ্রী নকল ব্র্যান্ডরোল ব্যবহার করে অবৈধভাবে বিড়ি উৎপাদনের কাজে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়েছিল। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। অবৈধ তামাকজাত পণ্য ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রংপুর ভ্যাট কমিশনারেট।