পিকআপ থেকে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ

কাউনিয়ায় ভ্যাট বিভাগের অভিযান

অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন, পরিবহন ও বিপণন এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে রংপুরে অভিযান চালিয়ে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অধীন রংপুর ভ্যাট ডিভিশন।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী ২৫ সেপ্টেম্বর ভোর ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার কাউনিয়া উপজেলার মীরবাগ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ করা হয়।

জব্দ করা বিড়ির বৈধতা, ব্র্যান্ড, প্যাকেট ও লেবেল, রাজস্ব পরিশোধসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হবে। একই সঙ্গে বিড়িগুলো নকল বা অবৈধভাবে উৎপাদিত কি না, তা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে। যাচাই শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর জানিয়েছে, অবৈধ তামাকজাত পণ্যের কারণে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি বৈধ পণ্যের বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হয়। তাই রাজস্ব সুরক্ষা, অবৈধ তামাকজাত পণ্যের বিস্তার রোধ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।