হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর শরীরে বিশেষ কৌশলে লুকানো ৪ দশমিক ৫ কেজি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। এ ঘটনায় মালয়েশিয়ার নাগরিক এক যাত্রীকে আটক করা হয়েছে।
কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীকে নজরদারিতে রাখা হয়। বিমান থেকে নামার পর তিনি ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করা হয়। পরে গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার শরীর থেকে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
আটক যাত্রীর নাম ইয়াং ডন সিউ (৪৩)। তার পাসপোর্ট নম্বর এ৬১৮২৮০৮২। তার শরীরে একটি কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় শার্টের নিচে লুকানো ছিল স্বর্ণবারগুলো। উদ্ধার করা স্বর্ণের মধ্যে প্রতিটি এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি বার রয়েছে। সব মিলিয়ে স্বর্ণের মোট ওজন ৪ দশমিক ৫ কেজি। উদ্ধার করা স্বর্ণবারগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। এ ছাড়া কাস্টমস আইন, ২০২৩ এবং ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭ অনুযায়ী স্বর্ণের বিষয়ে কোনো বৈধ নথি বা দলিলও দেখাতে পারেননি। আইনি কার্যক্রমের অংশ হিসেবে কাস্টমস আইন, ২০২৩-এর ১৯১ ধারা অনুযায়ী স্বর্ণগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কাস্টমস হাউস, ঢাকা জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ স্বর্ণ চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় তাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
