মিথ্যা ঘোষনায় বিএমডব্লিউ-ইসুজু ট্রাক আমদানি

চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দরে আবারও ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে আমদানি করা কাটা বিএমডব্লিউ রেসিং কার, বিএমডব্লিউ ৭৪০আইয়ের সামনের অংশ এবং পাঁচটি অর্ধকাটা ইসুজু ট্রাকের সন্ধান পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মঙ্গলবার (৬ অক্টোবর) একটি সন্দেহভাজন পণ্যচালান কায়িক পরীক্ষা করে এসব পণ্য পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, চালানটিতে ব্যবহৃত ডিফারেনশিয়াল অ্যাসেম্বলি, পাওয়ার স্টিয়ারিং অ্যাসেম্বলিসহ বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ ঘোষণা করা হয়েছিল। তবে কায়িক পরীক্ষায় সম্পূর্ণ খোলা অবস্থায় একটি দুই আসনের বিএমডব্লিউ স্পোর্টস বা রেসিং কার পাওয়া যায়। প্রাথমিকভাবে গাড়িটির মডেল এস ড্রাইভ ২৩আই, ইঞ্জিন ক্ষমতা প্রায় ২ হাজার ৫০০ সিসি এবং ২০০৯ সালের মডেল বলে ধারণা করা হচ্ছে। গাড়িটির সঠিক মডেল বছর, চেসিস নম্বর ও আমদানি বৈধতা যাচাই করা হচ্ছে।

এ ছাড়া বিএমডব্লিউ ৭৪০আইয়ের সামনের অর্ধাংশ পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি ২০১৬ সালের মডেল এবং ইঞ্জিন ক্ষমতা প্রায় ৩ হাজার সিসি। গাড়িটির শুধু সামনের অংশ চালানে পাওয়া যাওয়ায় এর বাকি অংশ অন্য কোনো চালানে আনা হয়েছে বা আনার চেষ্টা করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

চালানটিতে পাঁচটি অর্ধকাটা ইসুজু ট্রাকও পাওয়া গেছে। প্রতিটি ট্রাকের কেবিনের ভেতরে বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ প্যাক করে রাখা ছিল। এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ পাওয়া যায়। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান আয়াজ অটো ইন্টারন্যাশনাল। এর ঠিকানা চট্টগ্রামের হালিশহরের সরাইপাড়া এলাকায়। পণ্য খালাসের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট আমিন সিঅ্যান্ডএফ প্রাইভেট লিমিটেড। রপ্তানিকারক সংযুক্ত আরব আমিরাতের আরব জাপান ইউজড কারস অ্যান্ড স্পেয়ার পার্টস কোম্পানি।

ঘোষিত পণ্য ও কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের মধ্যে বড় ধরনের পার্থক্য থাকায় পণ্য ভুল ঘোষণা, শুল্ক-কর ফাঁকি এবং কাটা গাড়ির বিভিন্ন অংশ আলাদা চালানে এনে পরে জোড়া লাগানোর কোনো কৌশল ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত করছে কাস্টমস গোয়েন্দা। বিশেষ করে বিএমডব্লিউ ৭৪০আইয়ের বাকি অংশের অবস্থান জানতে সংশ্লিষ্ট অন্যান্য চালানের তথ্যও যাচাই করা হবে। পণ্যগুলোর বিস্তারিত তালিকা, চেসিস ও ইঞ্জিনের তথ্য, প্রকৃত মূল্য এবং প্রযোজ্য শুল্ক-কর যাচাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

** মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক
** পার্টস ঘোষণায় ৪ বিলাসবহুল গাড়ি আমদানি