নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গোডাউনে অভিযান চালিয়ে কর চালানবিহীন প্রায় ২৪ টন দেশি-বিদেশি সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে আড়াইহাজারের পুরিন্দা বাজারের হাজী আব্দুল সালাম মার্কেটে অবস্থিত মেসার্স জাহাঙ্গীর অ্যান্ড ব্রাদার্সের একটি গোডাউনে অভিযান চালায় কমিশনারেটের একটি প্রিভেন্টিভ টিম।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানান। মো. আল আমিন শেখ বলেন, অভিযানে গোডাউন থেকে কর চালানবিহীন ১৯ হাজার ৪৬৬ কেজি দেশি সুতা এবং ৪ হাজার ৫৫৫ কেজি বিদেশি সুতা পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, জব্দ করা সুতার আনুমানিক মূল্য ৮২ লাখ ৬৮ হাজার ২৫০ টাকা। প্রযোজ্য রাজস্ব আদায়ের লক্ষ্যে এ ঘটনায় এরই মধ্যে আইনগত কার্যক্রম নেওয়া হয়েছে।
