টানা ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সাপের উপদ্রব বেড়েছে। গত সাত দিনে বন্যাকবলিত এলাকায় সাপের কামড়ে অন্তত ৮৬ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রকোপও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সাপে কাটা ৮৬ জনের মধ্যে দুইজন বিষধর সাপের দংশনে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, বন্যার পানিতে সাপের স্বাভাবিক আবাসস্থল নষ্ট হওয়ায় সেগুলো লোকালয় ও বসতবাড়িতে ঢুকে পড়ছে, ফলে সাপে কাটার ঘটনা বেড়ে গেছে।
তিনি জানান, বিষধর সাপের দংশনের শিকার দুইজনই বোয়ালখালী উপজেলার বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টি-স্নেক ভেনম দেওয়ার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন থাকলেও তাদের প্রাণহানির আশঙ্কা নেই। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সাপে কাটার রোগীদের মধ্যে বোয়ালখালীতে ২০ জন, পটিয়ায় ১৮ জন, বাঁশখালীতে ১২ জন, রাউজানে ৯ জন, হাটহাজারীতে ৮ জন, সাতকানিয়ায় ৬ জন, আনোয়ারায় ৫ জন, রাঙ্গুনিয়ায় ৩ জন, চন্দনাইশে ৩ জন এবং লোহাগাড়ায় ২ জন চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সাপে কাটার রোগীদের চিকিৎসার জন্য জেলার ১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮০০ ভায়াল এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ে আরও ৩০০ ভায়ালসহ মোট ১ হাজার ১০০ ভায়াল অ্যান্টি-স্নেক ভেনম মজুত রাখা হয়েছে। বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারা বলেছে, রাতে চলাচলের সময় টর্চলাইট ব্যবহার করা, পানিতে নামার আগে লাঠি দিয়ে জায়গা পরীক্ষা করা এবং ঘরের আশপাশ পরিষ্কার রাখা জরুরি। পাশাপাশি সাপে কামড়ালে ঝাড়ফুঁক বা দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বাড়ছে পানিবাহিত রোগ
বন্যার কারণে চট্টগ্রামে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রকোপও বাড়ছে। গত সাত দিনে জেলার বন্যাকবলিত ১৫টি উপজেলায় অন্তত ১০২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের প্রায় ৭০ শতাংশই শিশু বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, চিকিৎসার বাইরে আরও অনেক আক্রান্ত ব্যক্তি থাকতে পারেন।
স্বাস্থ্য বিভাগের মতে, বন্যার সময় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার ঘাটতির কারণে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাঁশখালী উপজেলায় চারজন এবং সাতকানিয়ায় ছয়জন নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মোট ২ লাখ ৩ হাজার ৪০০ প্যাকেট ওআরএস মজুত রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সাতকানিয়ায় ৫ হাজার এবং বাঁশখালীতে ১৫ হাজার প্যাকেট সংরক্ষিত রয়েছে। এছাড়া বন্যাকবলিত এলাকায় মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং ডায়রিয়া, চর্মরোগ ও চোখের সংক্রমণসহ বিভিন্ন পানিবাহিত রোগের ওপর নজরদারি জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর পর্যাপ্ত মজুত রাখা হয়েছে। তিনি বলেন, অ্যান্টি-স্নেক ভেনম, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, কলেরা স্যালাইন ও ওআরএসসহ জরুরি ওষুধ নিয়মিতভাবে প্রতিটি উপজেলায় সরবরাহ করা হচ্ছে। তিনি আরও জানান, প্রয়োজন অনুযায়ী ঢাকার কেন্দ্রীয় মেডিকেল স্টোর ডিপো (সিএমএসডি) থেকেও সরবরাহ নেওয়া হচ্ছে। গতকালও ঢাকা থেকে ৩০০ ভায়াল অ্যান্টি-স্নেক ভেনম এবং ৪০০টি ডেঙ্গু পরীক্ষার কিট আনা হয়েছে। পাশাপাশি জেলা মেডিকেল স্টোর থেকেও চাহিদা অনুযায়ী বিভিন্ন উপজেলায় ওষুধ সরবরাহ অব্যাহত রয়েছে।
