এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার অধ্যাদেশে ‘কিছু ত্রুটি ছিল’ বলে জানিয়েছেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। এসব ত্রুটি সংশোধন করে নতুন বিল হিসাবে সেটি সংসদে তোলার জন্য ‘প্রায় প্রস্তুত’ বলেও তথ্য দিয়েছেন তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে র্যাপিড আয়োজিত ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ : ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্সেস’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খায়েরুজ্জামান মজুমদার আরও বলেন, সংশোধিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা এনবিআর কর্মকর্তাদের জন্য যেমন সহায়ক হবে, তেমনি নিশ্চিত করবে যে, নীতি প্রণয়ন এবং তা বাস্তবায়নের কাজ একই ব্যক্তির হাতে থাকবে না। ফলে নীতিমালা প্রণয়নে জাতীয় অগ্রাধিকারগুলো আরও ভালোভাবে প্রতিফলিত হবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া আরও কার্যকর হবে।
অর্থসচিব খায়েরুজ্জামান বলেন, জমির নিবন্ধন ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে গঠিত কমিটি আগামী মাস থেকে জমির প্রকৃত বাজারদর যাচাই করে মৌজা রেট নির্ধারণের কাজ শুরু করবে। জেলা প্রশাসকের নেতৃত্বে এ কমিটিতে ইউএনও, এনবিআর প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন। প্রকৃত বাজারদরের ভিত্তিতে মৌজা রেট নির্ধারণের পর নিবন্ধন করের হার কমানোর পরিকল্পনা রয়েছে। এতে জমির প্রকৃত মূল্য অনুযায়ী রাজস্ব আদায় বাড়বে, পাশাপাশি অপ্রদর্শিত অর্থের প্রবণতাও কমবে।
রাজস্ব আদায়ের বিপুল সম্ভাবনা
র্যাপিডের হিসাবে, ২০২১-২২ অর্থবছরে ব্যক্তি আয়কর থেকে সম্ভাব্য রাজস্ব ছিল জিডিপির ৪ দশমিক ৮৫ শতাংশ। কিন্তু প্রকৃত আদায় হয়েছে মাত্র শূন্য দশমিক ৯৮ শতাংশ। অর্থাৎ ঘাটতি ৩ দশমিক ৮৭ শতাংশ। একইভাবে অভ্যন্তরীণ ভ্যাট থেকে সম্ভাব্য রাজস্ব ছিল জিডিপির ৩ দশমিক ৮২ শতাংশ, আদায় হয়েছে ১ দশমিক ৮০ শতাংশ। এ ক্ষেত্রে ঘাটতি ২ দশমিক ০২ শতাংশ। শুধু ব্যক্তি আয়কর ও অভ্যন্তরীণ ভ্যাটেই সম্ভাব্য অনাদায়ী রাজস্ব জিডিপির ৫ দশমিক ৮৯ শতাংশ। গবেষণায় বলা হয়েছে, বিদ্যমান আইন যথাযথভাবে কার্যকর করা গেলে কর-জিডিপি অনুপাত প্রায় ১৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করা সম্ভব। তবে এতে করপোরেট আয়কর, আমদানি পর্যায়ের ভ্যাট ও অন্যান্য কর অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে সামগ্রিক রাজস্ব আহরণের সম্ভাবনা আরও বেশি। অনুষ্ঠানে এনবিআরের সদস্য সৈয়দ মুশফিকুর রহমান, পিআরআই চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সায়মা হক বিদিশা, এফইএস বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফেলিক্স গার্ডেস এবং ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
