নতুন পে-স্কেল প্রথম ধাপেই শতভাগ বাস্তবায়ন হবে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল একাধিক ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হলেও বেতন অংশের শতভাগ প্রথম ধাপেই কার্যকর করার পরিকল্পনা করছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বেতন কাঠামো আগামী জুলাই মাস থেকেই কার্যকর হতে পারে। এ বিষয়ে পে-কমিশনের সুপারিশের কতটা গ্রহণ করা হবে, তা চূড়ান্ত করবে সচিব কমিটি।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেলের কাঠামো চূড়ান্ত করতে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ দীর্ঘদিন ধরে কাজ করছে। এ বিষয়ে আগামী বুধবার সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে নতুন বেতন কাঠামোর মূল বিষয়গুলো চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী নতুন পে-স্কেলে সুপারিশকৃত বেতন অংশের শতভাগ প্রথম ধাপেই বাস্তবায়ন করা হবে এবং পরবর্তী ধাপে অন্যান্য ভাতা ও সুবিধা পর্যায়ক্রমে কার্যকর করা হবে। তিনি আরও বলেন, বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে অর্থ বিভাগের অনুবিভাগ দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় হিসাব-নিকাশ ও কাঠামোগত কাজ করছে, আর বুধবারের সভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণ, টাইম-স্কেল ও সিলেকশন গ্রেড সংক্রান্ত বিষয়, বিভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন, পদ সৃষ্টি ও পুনর্গঠন এবং জনবল ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন প্রজ্ঞাপন ও পরিপত্র জারির দায়িত্ব পালন করে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো অনুমোদনের প্রস্তাবও এ অনুবিভাগ পরীক্ষা-নিরীক্ষা করে থাকে।

গত ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নবম পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। তিনি জানান, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। বর্তমানে অষ্টম বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা নির্ধারিত রয়েছে। নবম বেতন কাঠামোয় সর্বনিম্ন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এ সুপারিশ পর্যালোচনার জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যারা তিন ধাপে বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। নবম জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছিলেন, প্রস্তাব বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে, তবে সরকার এ সুপারিশে ব্যাপক কাটছাঁট করেছে।

প্রস্তাবিত বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও নতুন পে-স্কেলের জন্য বাজেটে দৃশ্যমান কোনো পৃথক বরাদ্দ রাখা হয়নি। তবে সরকার নীতিগতভাবে ১ জুলাই থেকেই পে-স্কেলের একটি অংশ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে অন্তত ৪৪ হাজার কোটি টাকা বেতন অংশে স্থানান্তর করা হতে পারে বলে বাজেট বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সূত্র জানায়, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হবে এবং প্রথম ধাপেই বেতন অংশ শতভাগ প্রদান করা হবে, যদিও জাতীয় বেতন কমিশনের পূর্ণ সুপারিশ বাস্তবায়ন করা হবে না। একইভাবে জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন এবং সশস্ত্র বাহিনীর পে-কমিশনের সুপারিশও একই পদ্ধতিতে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রতি বছরের বাজেটের ‘বিবরণী-২খ’-এ পরিচালন ও উন্নয়ন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণ তুলে ধরা হয়। সেখানে কর্মকর্তা বেতন, কর্মচারী বেতন ও ভাতাদি— এই তিন খাতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বরাদ্দ ধরা হয়েছে ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বরাদ্দ ছিল ৮৫ হাজার ৬৫১ কোটি টাকা। অর্থাৎ বরাদ্দ বেড়েছে ৪ হাজার ১৮৫ কোটি টাকা। একইভাবে ‘বিবরণী-৪’-এ পরিচালন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণে বেতন-ভাতা বাবদ বরাদ্দ দেখানো হয়েছে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকার তুলনায় ৪ হাজার ৬৪১ কোটি টাকা বেশি।

আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে বাজেট সংক্ষিপ্তসারের ‘বিবরণী-২ক’-এ। সেখানে ‘জনপ্রশাসন-নিট’ খাতে আগামী অর্থবছরের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের ৮৬ হাজার ৮৬২ কোটি টাকার তুলনায় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই অতিরিক্ত বরাদ্দের মধ্যে অন্তত ৪৪ হাজার কোটি টাকা সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য রাখা হয়েছে।

** সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল হবে ধাপে ধাপে
** পে-স্কেলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সরকারি কর্মচারীরা
** নতুন পে-স্কেলে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বেশি বাড়বে
** পে-স্কেলের ঘোষণা থেকে সরে আসছে সরকার
** জানুয়ারি থেকে পে-স্কেল চায় সরকারি কর্মচারীরা
** পে-স্কেল বাস্তবায়নে কঠোর আলটিমেটাম
** নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে যেসব সুবিধা বাতিল হবে
** নতুন পে-স্কেল ঘোষণা পেছাচ্ছে
** নবম পে-স্কেলসহ ৫০% মহার্ঘ ভাতার দাবি
** নবম পে স্কেল নিয়ে কমিশনে ৩ প্রস্তাবনা
** ৮২ শতাংশ সরকারি কর্মচারী আয়করমুক্ত
** সচিবদের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন
** ‘নতুন বেতন কাঠামোর রূপরেখা দিয়ে যাবে সরকার’
** ‘আগামী সরকার নতুন বেতনের সিদ্ধান্ত নেবে’