দেশের ৮ বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর; বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য উল্লেখ করা হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতিবৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।