দুর্গাপূজা উপলক্ষে দীর্ঘ ৮ দিনের ছুটি শেষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর চালু হয়েছে। এর মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুর্গাপূজা উপলক্ষে ছুটি শেষে আজ রোববার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়েছে।
এর আগে, ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে গত ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন ফুলবাড়ী স্থল শুল্কস্টেশন ও বাংলাবান্ধা স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
উল্লেখ্য, দুর্গাপূজা ছাড়াও আসন্ন কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আগামী ৮ থেকে ১০ নভেম্বর এবং ছটপূজা উপলক্ষে ১৫ ও ১৬ নভেম্বর ফুলবাড়ী স্থল শুল্কস্টেশনে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ছুটি চলাকালেও বাংলাবান্ধা ইমিগ্রেশনের মাধ্যমে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
