ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের তাগিদ দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে পারস্পরিক শুল্ক সুবিধা বাড়ানো, বাণিজ্য বাধা দূর করা এবং জোটকে আরও কার্যকর করতে পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা। সোমবার (২ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বাধা দূর করা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে শুল্ক সুবিধা বাড়ানো ও বাণিজ্য সহজ করার বিষয়েও আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি। এ লক্ষ্য অর্জনে এফটিএ ও পিটিএর রূপরেখা দ্রুত চূড়ান্ত এবং বাস্তবায়নে ডি-৮ সচিবালয়কে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ জন্য সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
শুধু বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নয়, জোটের প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। ডি-৮কে আরও কার্যকর ও অর্থবহ করতে পুনর্গঠন এবং ফলাফলভিত্তিক কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।
জবাবে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদ সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও আন্তঃবাণিজ্য বাড়াতে বাংলাদেশের প্রস্তাব এবং আগ্রহ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন। বৈঠকে বাংলাদেশ ও ডি-৮ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে বর্তমানে তুরস্ক সফর করছেন বাণিজ্যমন্ত্রী।
