টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে ৫ কোটি ডলার দেবে এডিবি

দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতে বিদেশি কাঁচামালের ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয় পশ্চাৎসংযোগ শিল্প শক্তিশালী করতে ৫০ মিলিয়ন ডলার বা ৫ কোটি মার্কিন ডলার অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শীর্ষ শিল্পগোষ্ঠী টি. কে. গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মডার্ন সিনটেক্স লিমিটেডকে এ ঋণ দিচ্ছে সংস্থাটি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে এ তথ্য জানানো হয়। এডিবি ও মডার্ন সিনটেক্সের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, অর্থায়নের মাধ্যমে চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে পলিয়েস্টার চিপস উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। এতে প্রতিষ্ঠানটির দৈনিক উৎপাদন ৪০৭ টনে উন্নীত হবে।

এই মেগা প্রকল্পের মূল লক্ষ্য হলো কাঁচামাল উৎপাদনের পাশাপাশি আধুনিক ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি পুরোপুরি পরিবেশবান্ধব কারখানা গড়ে তোলা। চুক্তি অনুযায়ী, এই অর্থায়নের মাধ্যমে মডার্ন সিনটেক্স তাদের পলিয়েস্টার চিপস উৎপাদন ক্ষমতা দৈনিক ১০৭ টন থেকে বাড়িয়ে ৪০৭ টনে উন্নীত করবে। পাশাপাশি স্থানীয় স্বল্পমেয়াদি ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ পুনঃঅর্থায়ন করা হবে। নতুন এই সম্প্রসারিত কারখানাটিতে উচ্চমানের টেক্সটাইল ও তৈরি পোশাক তৈরিতে ব্যবহৃত উচ্চমানের পলিয়েস্টার চিপস তৈরি করা হবে।

এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ঝিংফেন জিয়াং জানান, বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল ও তৈরি পোশাক খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এ খাতকে কৃত্রিম সুতা ও কাঁচামালের জন্য আমদানির ওপর অনেকাংশে নির্ভর করতে হয়। এডিবির এই দীর্ঘমেয়াদি অর্থায়ন মডার্ন সিনটেক্সকে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য তৈরিতে ব্যাপকভাবে সহায়তা করবে। এছাড়া এই অর্থায়ন চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ আকর্ষণেও এটি বিশেষ অবদান রাখবে বলে জানান তিনি।

পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে প্রকল্পটিতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে। এতে বছরে প্রায় ৪ হাজার ৮৪০ মেগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি প্রায় ২ হাজার ২২২ টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন কমবে। প্রতিষ্ঠানটি তাদের ভবন ও কারখানার জন্য মর্যাদাপূর্ণ ‘লিড প্লাটিনাম’ সনদ অর্জনের লক্ষ্যে কাজ করছে। প্রকল্পটি স্থানীয়ভাবে পলিয়েস্টার চিপসের সরবরাহ বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি দেশীয় বস্ত্র উৎপাদকদের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। নতুন এই উদ্যোগের মাধ্যমে প্রায় ১০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে, যেখানে নারী কর্মীদের নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

মডার্ন সিনটেক্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী এডিবির এই সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন, এডিবির সমর্থন তাদের পলিয়েস্টার চিপস উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করতে এবং কাঁচামাল আমদানির ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে। সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি টেকসই ও প্রতিযোগিতামূলক টেক্সটাইল শিল্প গড়ে তোলার পাশাপাশি এই প্রকল্প দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।