ইসলামিক ক্রেডিট কার্ডে শূকরের মাংস, মদ, জুয়া, অ্যালকোহল, নাইট ক্লাব, প্রচলিত ব্যাংক বা বিমা কোম্পানির সুদ এবং অবৈধ ডেটিং বা ম্যাচমেকিং-সংক্রান্ত বিল পরিশোধ করা যাবে না। শরিয়াহসম্মত লেনদেন নিশ্চিত করা, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং গ্রাহকের অধিকার সুরক্ষায় সম্পূর্ণ সুদমুক্ত ও শরিয়াহভিত্তিক নীতির আওতায় ইসলামিক ক্রেডিট কার্ড পরিচালনার পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
নীতিমালায় শরিয়াহবহির্ভূত যেকোনো পণ্য বা সেবা কেনাকাটা ঠেকাতে ব্যাংকগুলোকে সিস্টেম লেভেলে মার্চেন্ট ক্যাটাগরি কোড ব্লক করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো গ্রাহক অনিয়মিত বা বেআইনি লেনদেন করলে অবিলম্বে তার কার্ড বাতিল করে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। বর্তমানে ইসলামী ব্যাংক ও আল–আরাফাহ্ ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে এই সুবিধা চালু রয়েছে। নিবন্ধিত যেকোনো ইসলামী ব্যাংক কিংবা সাধারণ ব্যাংকের ইসলামিক উইন্ডো এই কার্ড ইস্যু করতে পারবে।
নতুন নিয়ম অনুযায়ী, ইসলামিক ক্রেডিট কার্ডের মূল ভিত্তি হবে সুদমুক্ত ঋণ (কর্জ হাসান) ও নির্ধারিত সেবামূল্য (উজরহ)। ব্যাংক কেবল কার্ড ইস্যু, নবায়ন, প্রতিস্থাপন, নেটওয়ার্ক সুবিধা ও হিসাব রক্ষণাবেক্ষণের মতো সেবার জন্য নির্দিষ্ট উজরহ বা মাশুল নিতে পারবে। এই মাশুল কোনোভাবেই বকেয়া স্থিতি, ঋণের সীমা বা বিলম্বের ওপর ভিত্তি করে বাড়ানো যাবে না। বছর শেষে গ্রাহকের কাছ থেকে প্রকৃত খরচের বেশি নেওয়া হলে তা ফেরত দিতে হবে, আর ফেরত দেওয়া সম্ভব না হলে তা দাতব্য হিসাবে জমা করতে হবে।
গ্রাহক নির্ধারিত সময়ে বিল পরিশোধে ব্যর্থ হলেও ব্যাংক বিলম্ব জরিমানার অর্থ নিজেদের আয় হিসেবে নিতে পারবে না। চুক্তির শর্ত অনুযায়ী বিলম্বের কারণে আদায় করা অর্থ ব্যাংকের মূল আয়ের বাইরে পৃথক দাতব্য তহবিলে জমা রাখতে হবে এবং শরিয়াহ কমিটির তত্ত্বাবধানে তা দান করতে হবে। কার্ডের নিরাপত্তা নিশ্চিত করতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করার পাশাপাশি অননুমোদিত লেনদেন ঠেকাতে তাৎক্ষণিক নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। কার্ড চালুর আগে গ্রাহকের সম্মতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে কার্ড হারানো বা চুরি যাওয়ার ক্ষেত্রে ব্লক করার অনুরোধ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে অননুমোদিত লেনদেনের অর্থ গ্রাহককে ফেরত দিতে হবে। এ ছাড়া কার্ডের মাধ্যমে নগদ উত্তোলনে গ্রাহক মোট ঋণসীমার সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যবহার করতে পারবেন। ইসলামিক ক্রেডিট কার্ড কার্যক্রমে প্রতিবছর অন্তত একবার শরিয়াহ নিরীক্ষাও করতে হবে।
