একাধিক পাসপোর্ট ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিদেশি ভ্রমণ করায় কাস্টমসের সহকারী কমিশনার মো. আইয়ুবকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। এর আগে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উত্থাপিত হওয়ায় গাজীপুর ভ্যাট কমিশনারেট থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে আইআরডিতে সংযুক্ত করা হয়। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, একাধিক পাসপোর্ট ব্যবহার করে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত একজন সরকারি কর্মচারি হওয়া সত্ত্বেও মো, আইয়ুব যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভারত, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ায় ভ্রমণ করেছেন। এছাড়াও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ উত্থাপিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
জানা গেছে, আলোচ্য সময়ে মো. আইয়ুব ৩ পাসপোর্ট ব্যবহার করে ৬ দেশে ২৫ বার ভ্রমণে গেছেন। পাসপোর্ট নাম্বার হচ্ছে- বিপি০৩৭৯৫, এ০৩৩২৭১ ও এ০৯১৮৩৪। এর মধ্যে একটি পাসপোর্টে পেশা হিসেবে ‘প্রাইভেট সার্ভিস’ উল্লেখ করেন তিনি। যদিও সরকারি কর্মকর্তাদের জন্য পৃথক পাসপোর্ট রয়েছে। এসব পাসপোর্ট ব্যবহার করে ভারতে ১২ বার, থাইল্যান্ডে ৭ বার, সংযুক্ত আরব আমিরাতে ২ বার, চীনে ২ বার এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুরে একবার করে ভ্রমণের তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে তথ্যের সত্যতা পাওায় গত ২৭ আগস্ট তাকে আইআরডিতে ওএসডি করা হয়।
