গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অবৈধ ও নকল সিগারেট উৎপাদনের অভিযোগে অভিযান চালিয়ে নকল সিগারেট, প্রসেসড টোব্যাকো ও অ্যাসিটেট টো উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযানে র্যাব-১-এর সদস্যরা সহায়তা করেন। উদ্ধার করা সিগারেটের মধ্যে Lucky Strike, Derby ও Royals ব্র্যান্ডের নকল সিগারেট রয়েছে। এসব সিগারেটের প্যাকেটে কোনো রাজস্ব স্ট্যাম্প বা ব্যান্ডরোল পাওয়া যায়নি।

এর আগে কালিয়াকৈর উপজেলার পাঁচগাছী এলাকায় অবস্থিত শামস টোব্যাকোর বিরুদ্ধে ব্যান্ডরোলবিহীন বা নকল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট উৎপাদন ও বাজারজাতের অভিযোগ পাওয়া যায়। তবে এবারের অভিযানে উদ্ধার হওয়া নকল সিগারেট, প্রসেসড টোব্যাকো ও অ্যাসিটেট টোর সঙ্গে শামস টোব্যাকোর সম্পৃক্ততা এখনো নিশ্চিত হয়নি।

উদ্ধার করা পণ্যের উৎস, উৎপাদন ও সরবরাহ-শৃঙ্খল, কাঁচামাল সংগ্রহের উৎস, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা এবং সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ জানতে তদন্ত চলছে। তদন্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
