বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পেছাল। এ নিয়ে ৯৮তম বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ালেন আদালত। সোমবার মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে পারেনি।
এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ অক্টোবর নতুন তারিখ ধার্য করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে সাইবার হামলার মাধ্যমে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। তদন্ত–সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, দেশের ভেতরের একটি চক্রের সহায়তায় এই অর্থ চুরি করা হয়েছিল।
ঘটনার পর একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের তৎকালীন উপপরিচালক জোবায়ের বিন হুদা রাজধানীর মতিঝিল থানায় অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিদের আসামি করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। পরদিন ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন। এর পর থেকে সংস্থাটি মামলার তদন্ত করছে।
