চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের পর আগস্টেও কমেছে মূল্যস্ফীতি। আগস্টে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার কমে ৮ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। সোমবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, টানা দুই মাস মূল্যস্ফীতি কমেছে, যা আগের কয়েক মাসের ঊর্ধ্বমুখী প্রবণতার বিপরীত। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মার্চে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭১ শতাংশ, এপ্রিলে বেড়ে ৯ দশমিক ০৪ শতাংশ এবং মে মাসে ৯ দশমিক ৪২ শতাংশে দাঁড়ায়। পরে জুনে তা কিছুটা কমে ৯ দশমিক ১৬ শতাংশে নামলেও জুলাই থেকে মূল্যস্ফীতি আরও কমার প্রবণতা দেখা যাচ্ছে।
মাস এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় ৯ দশমিক শূন্য ৪ শতাংশ। সে ধারাবাহিকতায় মে মাসের মূল্যস্ফীতি আরও বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশ হয়। জুনে যা দাঁড়ায় ৯ দশমিক ১৬ শতাংশে। এর পর নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মূল্যস্ফীতি বেশ খানিকটা কমে আসে। বাজেটে চলতি অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাজেট বক্তৃতায় বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের স্বস্তি ও ক্রয়ক্ষমতা পুনরুদ্ধার করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনের পথে এগোচ্ছে মূল্যস্ফীতি।
বিবিএসের হিসাবে, আগস্ট মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে হয়েছে ৭ দশমিক শূন্য ২ শতাংশ। জুলাই মাসে যা ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে। জুলাই মাসে এ হার ছিল ৯ দশমিক ২৮ শতাংশ। গত বছরের আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯০ শতাংশ। এদিকে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এ বছরের আগস্ট পর্যন্ত এক বছরের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৬ ভাগ। ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে গত বছরের আগস্ট মাস পর্যন্ত গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫৮ শতাংশ।
বিবিএসের হিসাব বলছে, আগস্ট মাসে গ্রাম এলাকায় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। গত বছরের আগস্ট মাসে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ। গ্রামে আগস্ট মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক শুন্য ১ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৭ দশমিক ১৪ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গ্রামেও বেড়েছে। আগস্ট মাসে যা ৯ দশমিক ৫৯ শতাংশ। জুলাই মাসে এটি ছিল ৯ দশমিক ৫৩ শতাংশ। গত বছরের আগস্ট মাসে গ্রামে খাদ্যবহির্ভূতপণ্যের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৮ শতাংশ।
শহরাঞ্চলে আগস্ট মাসে সাধারণ মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ২০ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। গত বছরের একই মাসে ছিল একই ৮ দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আগস্টে ৭ দশমিক শূন্য ৪ শতাংশে নেমেছে। জুলাই মাসে যা ছিল ৭ দশমিক ২১ শতাংশ। তবে শহরেও খাদ্যবহির্ভূতপণ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ, জুলাই মাসে যা ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।
