দেশে ডেঙ্গুর সংক্রমণ আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি আগস্টের প্রথম ১৩ দিনে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু এবং ৬ হাজার ৯৩৩ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের গতকাল বৃহস্পতিবারের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, ১০৯ জন। এ ছাড়া খুলনায় ১০৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০০, চট্টগ্রামে ৯৫, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৯২, বরিশালে ৮০, রাজশাহীতে ৫১, ময়মনসিংহে ৪৩, রংপুরে ১৫ এবং সিলেটে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৬৬৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৪৩ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৬৫ জনের। মৃতদের মধ্যে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, আগস্টের প্রথম ১৩ দিনেই ১১ জনের মৃত্যু হওয়ায় মাসটিতে ডেঙ্গুর প্রকোপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সময়ে প্রায় সাত হাজার মানুষ আক্রান্ত হওয়ায় সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতাও স্পষ্ট হচ্ছে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ২ শতাংশ নারী।
