প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন পর্যালোচনা প্রক্রিয়া আরও সহজ, সমন্বিত ও সময়সাশ্রয়ী করতে সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন এ পদ্ধতিতে আইপিও আবেদন পর্যালোচনার সময় কমিশনের পর্যবেক্ষণও স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিবেচনা করা হবে। এতে একই বিষয়ে একাধিক পর্যায়ে পর্যালোচনার জটিলতা কমবে এবং আইপিও অনুমোদন প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করছে কমিশন। মঙ্গলবার বিকেলে (১০ নভেম্বর) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুঁজিবাজারের উন্নয়ন ও কার্যক্রম সহজ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসি থেকে জানানো হয়েছে, নতুন পদ্ধতিতে স্টক এক্সচেঞ্জ কোনো আইপিও আবেদন পর্যালোচনা করার সময় কমিশনের কোনো পর্যবেক্ষণ থাকলে তা স্টক এক্সচেঞ্জকে জানাতে পারবে। এরপর স্টক এক্সচেঞ্জ নিজেদের পর্যবেক্ষণের পাশাপাশি কমিশনের দেওয়া পর্যবেক্ষণও পর্যালোচনা ও বিবেচনা করবে। সবকিছু যাচাই-বাছাই শেষে আইপিও আবেদনের বিষয়ে কমিশনের কাছে সুপারিশ দাখিল করবে স্টক এক্সচেঞ্জ।
অর্থাৎ, আইপিও আবেদন পর্যালোচনার ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ ও কমিশনের পর্যবেক্ষণ সমন্বিতভাবে বিবেচনার সুযোগ তৈরি হচ্ছে। পুরো আবেদন পর্যালোচনা প্রক্রিয়া স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পরিচালিত হবে। কমিশন মনে করছে, সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালু হলে আইপিও আবেদন পর্যালোচনায় সমন্বয় বাড়বে এবং অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ কমবে। এতে ইস্যুয়ার কোম্পানিগুলোর জন্য আইপিও প্রক্রিয়া আরও সহজ হবে। পাশাপাশি পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তির প্রক্রিয়াও গতিশীল হবে।
আইপিওর মাধ্যমে কোনো কোম্পানি প্রথমবারের মতো সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করে। এ প্রক্রিয়ায় আবেদন পর্যালোচনা ও অনুমোদনের বিভিন্ন ধাপ সম্পন্ন করতে হয়। নতুন পদ্ধতিতে এসব ধাপের মধ্যে সমন্বয় বাড়িয়ে সময় ও প্রক্রিয়াগত জটিলতা কমাতে চায় বিএসইসি।
