আমদানি পণ্যের কায়িক পরীক্ষণ নিয়ে চট্টগ্রাম কাস্টমসের নতুন নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন (সিসিএএ)। সংগঠনটির অভিযোগ, নতুন নির্দেশনায় কায়িক পরীক্ষার পাশাপাশি শুল্কায়ন বিভাগের কিছু দায়িত্বও পরীক্ষণ কর্মকর্তাদের ওপর ন্যস্ত করা হয়েছে। এতে দায়িত্ব পালনে বিভ্রান্তি তৈরি হবে। বাড়বে পণ্য খালাসের প্রক্রিয়াগত জটিলতা, সময় ও ব্যবসায়িক ব্যয়। একই সঙ্গে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের হয়রানির আশঙ্কাও রয়েছে।
গত ২ নভেম্বর জারি করা ১৪ দফা নির্দেশনা নিয়ে আপত্তি জানিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস কমিশনার মুহাম্মদ মাহবুবুর রহমানের কাছে চিঠি দিয়েছে সংগঠনটি। চিঠিতে বলা হয়েছে, নতুন নির্দেশনার কয়েকটি বিষয় কাস্টমসের শুল্কায়ন বিভাগের দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক। এ ছাড়া কায়িক পরীক্ষার প্রতিবেদন তৈরির বিষয়ে আগের নির্দেশনার সঙ্গেও নতুন আদেশের অসংগতি রয়েছে। মঙ্গলবার বিকেলে সিসিএএর নেতারা কাস্টমস কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেও আদেশটি প্রত্যাহারের দাবি জানান। অংশীজনদের সঙ্গে আলোচনা না করে নির্দেশনাটি বাস্তবায়ন না করার আহ্বান জানান তাঁরা।
সিসিএএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের আপত্তিগুলো তুলে ধরেছি। অংশীজনদের সঙ্গে আলোচনা না করে অফিস আদেশ জারি করায় তা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি। নতুন নির্দেশনা বাস্তবায়নের আগে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানিয়েছি।’ চট্টগ্রাম কাস্টমস হাউসের মুখপাত্র শরীফ আল আমিন চিঠি পাওয়া ও কমিশনারের সঙ্গে সংগঠনটির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সিসিএএর পক্ষ থেকে উত্থাপিত আপত্তির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে এ বিরোধ নিষ্পত্তি করা হবে।’
কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারার ক্ষমতাবলে জারি করা নতুন আদেশে আমদানি পণ্যের কায়িক পরীক্ষার জন্য ১৪টি নির্দেশনা বাধ্যতামূলক করা হয়েছে। এতে পরীক্ষণ কর্মকর্তা নিয়োগ, শিপিং নথি যাচাই, কনটেইনার শনাক্তকরণ, পণ্য পরীক্ষা ও প্রতিবেদন তৈরির পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর আগে বন্দরের টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) অথবা কাস্টমসের অ্যাসাইকুডা সিস্টেমে পণ্যচালানের অবস্থান নিশ্চিত করতে হবে। বিল অব লেডিংয়ে উল্লেখ করা কনটেইনার ও সিল নম্বরও যাচাই করতে হবে। এ ছাড়া ঋণপত্র (এলসি), বিল অব লেডিং, ব্যাংক প্রত্যয়িত বাণিজ্যিক চালান, বিস্তারিত প্যাকিং তালিকা ও উৎপত্তি সনদের ভিত্তিতে পণ্য পরীক্ষা করতে হবে।
একাধিক পরীক্ষণ জোনে কোনো চালানের কনটেইনার থাকলে যে জোনে সবচেয়ে বেশি কনটেইনার থাকবে, সেখানেই পুরো চালানের পরীক্ষা সম্পন্ন করতে হবে। সহকারী কমিশনারের নিচের পদমর্যাদার কর্মকর্তা পরীক্ষণ কর্মকর্তা নিয়োগ দিতে পারবেন না। সংশ্লিষ্ট উপকমিশনার বা সহকারী কমিশনারকে বিল অব এন্ট্রিতে স্বাক্ষর ও নামযুক্ত সিল দিতে হবে। পরীক্ষণ কর্মকর্তার নামও সংশ্লিষ্ট জোনের রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। তবে এসব প্রক্রিয়ার বাইরে পরীক্ষণ প্রতিবেদনে পণ্যের বৈশিষ্ট্য বা স্পেসিফিকেশন যাচাই করে শুল্ক-কর ও ঘোষিত মূল্যের তারতম্য শনাক্ত করার নির্দেশনা নিয়েই সবচেয়ে বেশি আপত্তি সিসিএএর। একই সঙ্গে শুল্ক-কর অব্যাহতি বা রেয়াতের শর্ত এবং আমদানি-সংক্রান্ত আইন ও বিধিবিধান পরিপালনের বিষয়েও পরীক্ষণ প্রতিবেদনে মতামত দিতে বলা হয়েছে।
সংগঠনটির দাবি, এসব বিষয় শুল্কায়ন বিভাগের দায়িত্ব। পরীক্ষণ জোনের কাজ মূলত পণ্যের কায়িক পরীক্ষা করা। নতুন আদেশে দুই বিভাগের দায়িত্বের সীমারেখা অস্পষ্ট হয়ে পড়বে। এ বিষয়ে ২০২১ সালের ১৭ জুন চট্টগ্রাম কাস্টমসের জারি করা স্থায়ী আদেশের কথা উল্লেখ করেছে সিসিএএ। সংগঠনটির ভাষ্য, ওই আদেশে শুল্কায়ন বিভাগ ও পরীক্ষণ জোনের দায়িত্ব আলাদাভাবে নির্ধারণ করা হয়েছিল। নতুন নির্দেশনায় শুল্ক-কর ও মূল্যের তারতম্য শনাক্ত করা এবং শুল্ক অব্যাহতির শর্ত যাচাইয়ের দায়িত্ব পরীক্ষণ জোনে দেওয়া হলে শুল্কায়ন বিভাগের কার্যপরিধি কী থাকবে, সে প্রশ্নও তুলেছে সংগঠনটি।
এ ছাড়া ২০১২ সালের ৩ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম কাস্টমস হাউস ও সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত এবং ২০১৮ সালের ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টমসের জারি করা আরেকটি অফিস আদেশের কথা উল্লেখ করেছে তারা। ২০১৮ সালের আদেশে কায়িক পরীক্ষার প্রতিবেদনে পণ্যের এইচএস কোড বা মূল্য সম্পর্কে মতামত দেওয়ার প্রয়োজন নেই বলে স্পষ্ট করা হয়েছিল। সিসিএএর আশঙ্কা, নতুন নির্দেশনা আগের এসব সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করবে।
নতুন আদেশে পরীক্ষার সময় অসত্য ঘোষণা বা অনিয়ম পাওয়া গেলে তা অনিয়ম রেজিস্টারে লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদনে সিঅ্যান্ডএফ এজেন্ট, পরীক্ষণ কর্মকর্তা এবং উপকমিশনার বা সহকারী কমিশনারের স্বাক্ষর নিতে হবে। কোনো সিঅ্যান্ডএফ এজেন্ট স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে তা প্রতিবেদনে উল্লেখ করে অতিরিক্ত বা যুগ্ম কমিশনারের প্রতিস্বাক্ষরের জন্য পাঠাতে হবে। সিসিএএর আশঙ্কা, এসব বিধানের ব্যাখ্যা ও প্রয়োগে কর্মকর্তাদের ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। এতে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের হয়রানি এবং অনৈতিক সুবিধা আদায়ের ঝুঁকি বাড়বে।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শওকত আলীর সই করা চিঠিতে বলা হয়েছে, আমদানিকারক বা সিঅ্যান্ডএফ এজেন্ট কাস্টমস কর্তৃপক্ষের প্রতিপক্ষ নন। আমদানিকারকের অনুমোদিত প্রতিনিধি হিসেবে সিঅ্যান্ডএফ এজেন্টরা রাজস্ব আদায় এবং আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সহযোগী অংশীজন হিসেবে কাজ করেন।
চিঠিতে গত ১১ আগস্ট চট্টগ্রাম বন্দরে এনবিআর, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অংশীজনদের সঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর বৈঠকের কথাও তুলে ধরা হয়েছে। ওই বৈঠকে বাণিজ্যিক প্রতিবন্ধকতা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও পণ্য খালাসে বিলম্ব কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেছে সংগঠনটি। সিসিএএর মতে, নতুন নির্দেশনা কার্যকর হলে পণ্য খালাসে বাড়তি প্রক্রিয়াগত জটিলতা তৈরি হবে। এতে সরকারের বাণিজ্য সহজীকরণ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে। এ অবস্থায় আদেশটি স্থগিত করে সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন নির্দেশনা প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
