বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা সুতা, কাঁচামাল ও রাসায়নিকের হিসাবে ব্যাপক গরমিল পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে সংস্থাটি।
গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক প্রতিরোধমূলক দল অভিযান চালায়। এ সময় সংশ্লিষ্ট বিশেষ প্রতিক্রিয়া বাহিনীর সহযোগিতা নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানগুলো বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, কাঁচামাল ও রাসায়নিক অনুমোদিত উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে খোলাবাজারে সরবরাহ করেছে। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির আশঙ্কা তৈরি হয়েছে।
অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর গুদামে মজুত সুতা, কাপড়, রাসায়নিক ও অন্যান্য কাঁচামালের প্রকৃত পরিমাণের সঙ্গে স্টক রেজিস্টার এবং কাস্টমস বন্ড ব্যবস্থাপনা পদ্ধতির তথ্য মিলিয়ে ব্যাপক অসংগতি পাওয়া যায়। পরে জাতীয় রাজস্ব বোর্ডের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি থেকে আমদানিসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ছয়টি প্রতিষ্ঠানে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া যায়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে রূপগঞ্জের সিম ফেব্রিক্স লিমিটেডে প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে। বন্দর এলাকার জাহিন নীটওয়্যার্স লিমিটেডে প্রায় ৬৪ কোটি ৬১ লাখ এবং রূপগঞ্জের সানজানা ফেব্রিক্স লিমিটেডে প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকার ফাঁকির তথ্য মিলেছে।
এ ছাড়া আড়াইহাজারের বোনাফাইড নিটিং মিলস লিমিটেডে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ, রূপগঞ্জের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডে প্রায় ৪ কোটি ৮৩ লাখ এবং বন্দরের জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, অভিযানকালে কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সুতা ও কাপড়ের ঘাটতি পাওয়া গেছে। আবার কয়েকটি প্রতিষ্ঠানে ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত পণ্য মজুত ছিল। এসব অসংগতি বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার ও রাজস্ব ফাঁকির ঝুঁকি নির্দেশ করছে।
বন্ড সুবিধার মূল উদ্দেশ্য রপ্তানিমুখী শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক রাখা। এ সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানির কাজে ব্যবহার করার কথা। কিন্তু এসব কাঁচামাল খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানি করা বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি, উৎপাদন, মজুত ও ব্যবহারের তথ্যসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এসব তথ্যের যাচাই-বাছাই ও বিশ্লেষণ চলছে। সংস্থাটি জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে পরিবর্তিত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধভাবে পণ্য সরবরাহ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। এর ফলে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানিতে ব্যবসায়ীদের আগ্রহ বাড়বে এবং রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে সংস্থাটি।
