অনিবন্ধিত গুদাম থেকে ৩.২০ কোটি টাকার সুতা জব্দ

নারায়নগঞ্জ ভ্যাট কমিশনারেটের অভিযান

নারায়নগঞ্জ থেকে প্রায় তিন কোটি মূল্যের সুতা জব্দ করেছে নারায়নগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। সোমবার (১৯ অক্টোবর) অভিযান চালিয়ে একটি অনিবন্ধিত গুদাম থেকে অবৈধ ও করচালান বিহীন এই সুতা জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব সুতা বন্ড সুবিধায় আমদানি করে খোলাবাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। এর আগে ১০ অক্টোবর প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের অবৈধ ও করচালানবিহীন সুতা জব্দ করে এই ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

এনবিআর সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ ভ্যাট কমিশনারেটের একটি প্রিভেন্টিভ টিম সোমবার সকালে জিমখানা টানবাজার এলাকার এস আর ট্রেড নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। প্রতিষ্ঠানটির মালিক রাজীব সাহা। প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা প্রতিষ্ঠানটির একটি অনিবন্ধিত গুদামে অভিযান চালায়। এসময় গুদামে ৭৭ হাজার ৩৯০ কেজি অবৈধ সুতা পাওয়া যায়। করচালানবিহীন এসব সুতা চীন, মালয়েশিয়া ও ভিয়েতনাম অরজিনের পলিস্টার ও নাইলোন ইয়ার্ন। এছাড়া গুদামে করচালানবিহীন ১০ হাজার কেজি স্থানীয় সুতা পাওয়া যায়। মোট ৮৭ হাজার ৩৯০ কেজি ৮৭ দশমিক ৩৯ মেট্রিক টন সুতা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ২০ লাখ টাকা। এসব সুতা থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যে আইনি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

সূত্রমতে, ১০ অক্টোবর নারায়ণগঞ্জের আড়াইহাজারে করচালানপত্রবিহীন ৭২ হাজার ৯৪৪ কেজি সুতা জব্দ করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা। জব্দ করা সুতার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৫ লাখ টাকা। উপজেলার পুরিন্দা বাজারে অনিক ট্রেডার্সের চারটি অনিবন্ধিত গুদামে তল্লাশি চালিয়ে এসব সুতা জব্দ করা হয়। অনিক ট্রেডার্সের স্বত্বাধিকারী আলহাজ মোবারক মোল্লা। প্রতিষ্ঠানটির চারটি অনিবন্ধিত গুদামে তল্লাশি চালিয়ে চীন ও ভারত থেকে আমদানি করা মেটালিক ইয়ার্ন, পলিয়েস্টার ইয়ার্ন ও নাইলন ইয়ার্ন পাওয়া যায়। এসব সুতার কোনো কর চালানপত্র ছিল না।

** নারায়ণগঞ্জে প্রায় ৩ কোটি টাকার কর চালানপত্রবিহীন সুতা জব্দ