নারায়ণগঞ্জে প্রায় ৩ কোটি টাকার কর চালানপত্রবিহীন সুতা জব্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কর চালানপত্রবিহীন ৭২ হাজার ৯৪৪ কেজি সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা সুতার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৫ লাখ টাকা। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পুরিন্দা বাজারে অনিক ট্রেডার্সের চারটি অনিবন্ধিত গুদামে তল্লাশি চালিয়ে এসব সুতা জব্দ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অনিক ট্রেডার্সের স্বত্বাধিকারী আলহাজ মোবারক মোল্লা। প্রতিষ্ঠানটির চারটি অনিবন্ধিত গুদামে তল্লাশি চালিয়ে চীন ও ভারত থেকে আমদানি করা মেটালিক ইয়ার্ন, পলিয়েস্টার ইয়ার্ন ও নাইলন ইয়ার্ন পাওয়া যায়। এসব সুতার কোনো কর চালানপত্র ছিল না। জব্দ করা সুতার বিপরীতে প্রযোজ্য রাজস্ব আদায়ের লক্ষ্যে এরই মধ্যে আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।