১ ডিসেম্বর থেকে অবৈধ হুটার-হর্নের বিরুদ্ধে ডিএমপির অভিযান

রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে ১ ডিসেম্বর থেকে অভিযান শুরু করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ যানবাহন মালিক ও চালকদের নির্ধারিত সময়ের আগে এসব সরঞ্জাম খুলে ফেলার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু যানবাহনে অননুমোদিতভাবে হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন ও ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহার শব্দ দূষণ বৃদ্ধি, জন দুর্ভোগ সৃষ্টি এবং সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটাচ্ছে। পাশাপাশি অতিরিক্ত শব্দের কারণে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব অননুমোদিত সরঞ্জাম সংযোজিত অবস্থায় বা ব্যবহৃত করতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।