ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের ঘোষণা দিয়ে আমদানি করা হচ্ছে বিলাসবহুল নতুন গাড়ি। দুবাই, জাপানসহ বিভিন্ন দেশ থেকে আস্ত গাড়ি কয়েকটি অংশে ভাগ করে যন্ত্রাংশ হিসেবে দেশে আনা হচ্ছে। পরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার নির্দিষ্ট গ্যারেজে এসব গাড়ি পুনরায় সংযোজন করে দেওয়া হচ্ছে নতুন গাড়ির পূর্ণাঙ্গ রূপ। এভাবে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিয়ে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব হাতিয়ে নিচ্ছে দেশি-বিদেশি একটি সংঘবদ্ধ চক্র।
অনুসন্ধানে জানা গেছে, শুল্ক ফাঁকি দিতে গাড়ির বিভিন্ন অংশকে ব্যবহৃত যন্ত্রাংশ হিসেবে ঘোষণা দেওয়া হয়। কখনো আবার খেলনাসামগ্রী কিংবা অন্য পণ্যের ঘোষণা দিয়ে কনটেইনারে করে আস্ত গাড়িও আমদানি করা হচ্ছে। এসব চালান খালাসে চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং সংশ্লিষ্ট কাস্টম হাউসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কিছু কর্মকর্তা এবং বিশেষ কয়েকটি গ্যারেজের মালিকও এই চক্রের সঙ্গে জড়িত বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
সাধারণত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান যন্ত্রাংশ আমদানি করলে শিল্পপণ্য হিসেবে ঘোষণা দিতে পারে। এতে শুল্ক সুবিধা পাওয়া যায়। কিন্তু বাণিজ্যিক পণ্য হিসেবে আমদানি করলে শুল্কের পরিমাণ বেশি হয়। অন্যদিকে সম্পূর্ণ নতুন, পুনঃসংযোজিত বা কমপ্লিট নক ডাউন (সিকেডি) গাড়ি আমদানিতে ঘোষিত মূল্যের সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয়। অডি, পোরশের মতো বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে শুল্কের হার ৮০০ শতাংশেরও বেশি। এই বিপুল অঙ্কের শুল্ক এড়াতেই অসাধু চক্র পুরোনো গাড়ি কেটে দুই বা চার টুকরো করে যন্ত্রাংশের ঘোষণা দিয়ে আমদানি করছে।
আমদানির পর নির্ধারিত ঘুষের মাধ্যমে এসব গাড়ির চালান খালাস করা হয়। পরে চট্টগ্রামের কদমতলী, মুরাদপুরের বিবির হাট রোড, অক্সিজেন এক্সেস রোডসহ বিভিন্ন এলাকার বিশেষ গ্যারেজে গাড়িগুলো জোড়া লাগানো হয়। ঢাকাতেও এ ধরনের কয়েকটি গ্যারেজ রয়েছে। পুনঃসংযোজনের পর পুরোনো গাড়ির নিবন্ধন নম্বর ব্যবহার করে নতুন গাড়ির কাগজপত্র সংগ্রহ করা হয়। এ জন্য গাড়িপ্রতি মোটা অঙ্কের অর্থের চুক্তি হয়। পরে এসব গাড়ি চড়া দামে বিক্রি করা হয়।
দুবাই থেকে খণ্ডিত গাড়ি যন্ত্রাংশের ঘোষণা দিয়ে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে চট্টগ্রামের রাউজানের বাসিন্দা শেখ আজাদ খানের নাম উঠে এসেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, তিনি বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়ে ভিডিও কল ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দুবাইয়ের গ্যারেজের ছবি দেখিয়ে আমদানিকারকদের আকৃষ্ট করেন। একইভাবে জাপানেও বেশ কয়েকজন বাংলাদেশি গাড়ি ব্যবসায়ী এই কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।
গত ২৭ আগস্ট চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জ এলাকার একটি বাসা থেকে একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। মোংলা বন্দর দিয়ে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের ঘোষণা দিয়ে আমদানি করা হয়েছিল গাড়িটি। পরে স্থানীয় একটি গ্যারেজে পুনঃসংযোজন করে বিআরটিএর নিবন্ধনে চালানো হচ্ছিল সেটি।
বিআরটিএর তথ্য অনুযায়ী, জব্দ করা গাড়িটির নিবন্ধিত মালিক মোহাম্মদ আইয়ুব। তাঁর বাবার নাম মাহফুজ আলী। ঠিকানা উত্তর মাদারবাড়ি, সদরঘাট। গাড়িটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-গ-১১-৩৬৫১। ২০০১ সালের ১৯ জুলাই গাড়িটির নিবন্ধন করা হয়। এর চেসিস নম্বর ডব্লিউবিএসিএ০২০০০এডি৭০২৫৩ এবং ইঞ্জিন নম্বর ১৮৪ই-এলএইচ-১৫৩৯৫। কাগজপত্রে গাড়িটিকে ১৯৯৫ সালে বাজারে আসা জার্মানির তৈরি ১ হাজার ৮০০ সিসির পুরোনো গাড়ি হিসেবে দেখানো হয়েছে। অথচ এই পুরোনো গাড়ির নিবন্ধন ব্যবহার করেই সম্পূর্ণ নতুন বিএমডব্লিউ চালানো হচ্ছিল।
অনুসন্ধানে জানা গেছে, নিবন্ধিত মূল গাড়িটি এরই মধ্যে তিনবার হাতবদল হয়েছে। প্রথমে একটি কোম্পানির নামে নিবন্ধিত হওয়ার পর আরও দুই ব্যক্তির কাছে বিক্রি হয়। পরে সেই নিবন্ধন ব্যবহার করে নতুন গাড়িটি চালানো হচ্ছিল। প্রকৃতপক্ষে নিবন্ধিত মূল গাড়িটি অন্তত ৩০ বছরের পুরোনো এবং বর্তমানে রাস্তায় চলাচলের উপযোগিতাও হারিয়েছে।
গাড়িটি জব্দের পর সংবাদ সম্মেলনে সিআইআইডি চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ বলেন, খুচরা যন্ত্রাংশ আমদানির আড়ালে একটি নেটওয়ার্ক বিলাসবহুল গাড়ি তৈরি করে দেশের বাজারে ব্যবহার করছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং গাড়ির বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে। এর আগেও এ ধরনের চালান দেশে এসেছে।
এর আগে ৬ অক্টোবর চট্টগ্রাম বন্দরে অভিযান চালিয়ে যন্ত্রাংশ ঘোষণায় খণ্ডিত অবস্থায় আনা একটি বিএমডব্লিউ স্পোর্টস কার, বিএমডব্লিউ ৭৪০আইয়ের সামনের অংশ এবং ইসুজু ট্রাকের পাঁচটি খণ্ডিত সামনের অংশ জব্দ করা হয়। চালানটির আমদানিকারক চট্টগ্রামের হালিশহরের মেসার্স আয়াজ অটো ইন্টারন্যাশনাল। সংযুক্ত আরব আমিরাতের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে এসব পণ্য আমদানি করা হয়। চালানটি খালাসের দায়িত্বে ছিল আমিন প্রাইভেট লিমিটেড নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান। চালানে পণ্যের বিবরণ দেওয়া হয়েছিল ব্যবহৃত গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, যেমন ডিফারেনশিয়াল অ্যাসেম্বলি ও পাওয়ার স্টিয়ারিং অ্যাসেম্বলি।
আমদানিকারক প্রতিষ্ঠানের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয় ২৭৪৭ বিপিসি রোড, গ্রিনভিউ, সরাইপাড়া ও হালিশহর। তবে সরেজমিনে ওই ঠিকানায় গিয়ে এবং একাধিক শোরুম মালিকের সঙ্গে কথা বলে এ নামে কোনো আমদানিকারক প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। আবার মানচিত্রে ঠিকানাটি খুঁজে দেখা যায়, হোল্ডিংটি হালিশহরে নয়, পাহাড়তলীতে অবস্থিত। অর্থাৎ প্রতিষ্ঠানটি আমদানির ক্ষেত্রে ভুয়া ঠিকানা ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া গত ২৭ আগস্ট মোংলা বন্দরে অভিযান চালিয়ে পুরোনো গাড়ির যন্ত্রাংশের ঘোষণা দিয়ে আনা চারটি খণ্ডিত বিলাসবহুল গাড়ি জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গাড়িগুলোর মধ্যে ছিল রেঞ্জ রোভার ভোগ, বিএমডব্লিউ ৬৫আই, লেক্সাস এলএক্স ৫৭০ ও টয়োটা ক্রাউন অ্যাথলেট। গাড়িগুলোর সম্ভাব্য বাজারমূল্য ৪ কোটি থেকে ৬ কোটি ৭০ লাখ টাকা। ঢাকার গেন্ডারিয়ার ক্রাউন অটোমোবাইল সার্ভিস নামের একটি প্রতিষ্ঠান গাড়িগুলো আমদানি করে। তবে এসব গাড়ির শুল্কায়নযোগ্য মূল্য দেখানো হয়েছিল মাত্র ৯ লাখ ৯৩ হাজার ৫৪৭ টাকা। গাড়িগুলো আমদানি করা হয়েছিল জাপান থেকে।
নাম প্রকাশ না করার শর্তে বিআরটিএর এক কর্মকর্তা জানান, বিএমডব্লিউ, লেক্সাস, ল্যান্ড ক্রুজার ও পোরশের মতো বিলাসবহুল গাড়ি খণ্ডিত অবস্থায় আমদানি করে পুনঃসংযোজন ও বিক্রির সঙ্গে বড় একটি চক্র জড়িত। এই চক্রই কোথায় গাড়ি জোড়া লাগানো যাবে এবং কীভাবে সহজে নিবন্ধন নম্বর সংগ্রহ করা যাবে, সে বিষয়ে সহায়তা করে।
সাধারণত একই মডেলের ২০ থেকে ৩০ বছর বা তারও বেশি পুরোনো গাড়ির সন্ধান করে চক্রের সদস্যরা। বিআরটিএর সার্ভারে এসব গাড়ির নিবন্ধনসংক্রান্ত তথ্য থাকে। সেখান থেকে পুরোনো গাড়ির কাগজপত্র সংগ্রহ করে প্রয়োজনে গাড়িসহ ৫ থেকে ৭ লাখ টাকায় কিনে নেওয়া হয়। পরে পুরোনো গাড়ির চেসিস ও ইঞ্জিন নম্বর নতুন গাড়িতে বসিয়ে দেওয়া হয়। এরপর ওই গাড়ির নামে বিআরটিএ থেকে ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন সংগ্রহ করা হয়।
ফলে গাড়িটি দেখতে সম্পূর্ণ নতুন হলেও কাগজপত্রে সেটিকে ২০ থেকে ৩০ বছরের পুরোনো দেখানো হয়। চেসিস ও ইঞ্জিন নম্বর কাগজপত্রের সঙ্গে মিল থাকলেও সরেজমিনে গাড়ির অবস্থা ও বাহ্যিক গঠন পরীক্ষা করলে সহজেই অনিয়ম ধরা পড়ার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, কখনো প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশে, আবার কখনো ঘুষের বিনিময়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব অনিয়ম উপেক্ষা করেন। এমনকি সড়কে চলাচলের সময় ট্রাফিক পুলিশের কাছ থেকেও অনেক গাড়ি বাধার মুখে পড়ে না। ফলে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা এবং পুরোনো গাড়ির নিবন্ধন ব্যবহার করে পুনঃসংযোজিত বিলাসবহুল গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করছে।
এ বিষয়ে বিআরটিএ চট্টগ্রামের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, বিলাসবহুল চোরাই ও নতুন গাড়ি পুরোনো কাগজপত্র ব্যবহার করে সড়কে চলাচল করছে। নিয়ম অনুযায়ী, প্রতিবছর গাড়ির ট্যাক্স টোকেন এবং দুই বছর পরপর ফিটনেস সনদ নিতে হয়। ফিটনেস সনদ সংগ্রহের জন্য গাড়ি বিআরটিএতে নেওয়া বাধ্যতামূলক। সন্দেহ হলে বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে অনেক ক্ষেত্রে গাড়ি বিআরটিএতে না এনে জাল ফিটনেস সনদ ব্যবহার করা হচ্ছে। ট্রাফিক বিভাগ চাইলে সন্দেহজনক গাড়ি আটক করে বিআরটিএকে জানাতে পারে। তাদের কাছে নম্বর প্লেট শনাক্ত করার যন্ত্রও রয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, শুধু চোখে দেখে এ ধরনের গাড়ি শনাক্ত করা কঠিন। ট্রাফিক পুলিশের মূল দায়িত্ব সড়কে আইন ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। গাড়ির কারিগরি বিষয় পরীক্ষা করার প্রশিক্ষণ বিআরটিএর মোটরযান পরিদর্শকদের রয়েছে। তাই পুরোনো নম্বর ব্যবহার করে নতুন গাড়ি চালানো হচ্ছে কি না, তা বিআরটিএর পরিদর্শকেরাই নিশ্চিত করতে পারবেন। এ জন্য সংস্থাটির পক্ষ থেকে বিশেষ তল্লাশিচৌকি স্থাপন করা যেতে পারে।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, শুল্ক ফাঁকি দিতে একটি চক্র গাড়ির যন্ত্রাংশের ঘোষণা দিয়ে খণ্ডিত গাড়ি আমদানি করছে। এ ধরনের সন্দেহজনক চালান আটকে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট গ্রুপ বা গোয়েন্দা ইউনিটের অডিট, রিসার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন (এআইআর) শাখা এ কাজ করে। সন্দেহজনক নয়, এমন পণ্য শুল্ক পরিশোধের পর স্ক্যান করে বন্দর থেকে ছাড় করা হয়। তবে অনেক সময় স্ক্যানারে পণ্যের প্রকৃত চিত্র ধরা পড়ে না। কোনো কর্মকর্তা কারসাজির মাধ্যমে এ ধরনের চালান ছাড়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
