১,৬৮৬ কোটি টাকায় আধুনিকায়ন হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস

পণ্য খালাসের সময় ২৫ শতাংশ কমানো এবং কার্যক্রমে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ১ হাজার ৬৮৬ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে ১৫ তলাবিশিষ্ট নতুন কার্যালয় ভবন, অত্যাধুনিক পরীক্ষাগার ও প্রশিক্ষণ একাডেমি। দেশের সর্বোচ্চ রাজস্ব আদায়কারী এই শুল্ক স্টেশনের নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে এর কার্যক্রম আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর করা হচ্ছে। গত ১ নভেম্বর থেকে সাতটি শুল্কায়ন গ্রুপের কার্যক্রম অস্থায়ী কার্যালয়ে শুরু হয়েছে। বাকি ছয়টি গ্রুপের কার্যক্রম ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ আল আমিন জানান, নতুন অবকাঠামো নির্মাণের সময় তিন বছর অস্থায়ী কার্যালয় থেকে কার্যক্রম পরিচালনা করা হবে। এ জন্য বিদ্যমান স্থাপনাগুলো ভেঙে ফেলা হবে। তিনি জানান, দেশের মোট আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে পরিচালিত হয়। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়বে। পাশাপাশি শুল্ক প্রশাসন আরও প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও দক্ষ হবে বলে আশা করা হচ্ছে।

১ হাজার ৬৮৬ কোটি টাকার প্রকল্প

বিশ্বব্যাংকের অর্থায়নে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাস্তবায়নাধীন ‘কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের উদ্দেশ্য পুরোনো অবকাঠামো প্রতিস্থাপন, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে সময় ও ব্যয় কমানো।

২০২৩ সালে অনুমোদিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুযায়ী, প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৮৬ কোটি ৪৭ লাখ টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ১ হাজার ৪৭৫ কোটি ৪৮ লাখ টাকা, যা মোট ব্যয়ের ৮৭ দশমিক ৪৯ শতাংশ। বাকি ২১০ কোটি ৯৯ লাখ টাকা জোগান দেবে সরকার। প্রকল্পের আওতায় চট্টগ্রাম কাস্টম হাউস এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট প্রশিক্ষণ একাডেমিসহ অবকাঠামো উন্নয়ন ও সংশ্লিষ্ট কার্যক্রমে প্রায় ১ হাজার ৪১৪ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

১৫ তলা ভবন ও আধুনিক পরীক্ষাগার নির্মাণ

বিদ্যমান ৬ দশমিক ৭৫ একর জায়গায় পরিবেশবান্ধব ভবনের সনদপ্রাপ্ত নতুন কাস্টম হাউস নির্মাণ করা হবে। ভবনটিতে থাকবে তিনটি বেজমেন্ট, নিচতলা ও এর ওপরে ১৫টি তলা।পৃথক পরীক্ষাগার ও গুদাম কমপ্লেক্সে থাকবে একটি বেজমেন্ট, নিচতলা এবং ছয়টি তলা। এসব স্থাপনায় আধুনিক কাস্টমস পরীক্ষাগার, প্রশাসনিক কার্যালয়, নথি সংরক্ষণব্যবস্থা, গুদাম, মসজিদ, প্লাজা ও খাবারের দোকানের ব্যবস্থা থাকবে।

নতুন পরীক্ষাগার চালু হলে আমদানি পণ্য পরীক্ষা, ঘোষণাপত্র যাচাই এবং মিথ্যা ঘোষণা ও রাজস্ব ফাঁকি শনাক্তে কাস্টমস কর্মকর্তাদের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের আওতায় ১২৩টি শ্রেণিতে মোট ১ হাজার ৬০২টি পরীক্ষাগার সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে। এসব সরঞ্জাম কেনায় সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১২৯ কোটি ৮৬ লাখ টাকা ভবনগুলোতে সৌরবিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ, বিদ্যুৎ-সাশ্রয়ী শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা, বর্জ্যপানি শোধন এবং উন্নত পানিনিষ্কাশনব্যবস্থাসহ বিভিন্ন পরিবেশবান্ধব সুবিধা রাখা হবে।

নির্মাণ হবে নতুন প্রশিক্ষণ একাডেমি

পৃথক ৩৮ দশমিক ৬৭ একর জায়গায় নির্মাণ করা হবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট প্রশিক্ষণ একাডেমি। একাডেমির মূল ভবনে থাকবে একটি বেজমেন্ট, নিচতলা ও পাঁচটি তলা। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক আবাসিক ভবন ও ডরমিটরি নির্মাণ করা হবে। একাডেমি প্রাঙ্গণে জ্যেষ্ঠ কর্মকর্তাদের আবাসন, তিন শ্রেণির ডরমিটরি, বিদ্যালয়, কেন্দ্রীয় মসজিদ, আনসার ব্যারাক, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা থাকবে।

এ ছাড়া মহাপরিকল্পনায় চিকিৎসাকেন্দ্র, কেন্দ্রীয় পুকুর, মুক্তমঞ্চ, সংরক্ষিত বনাঞ্চল, প্রজাপতি উদ্যান, উঁচু হাঁটাপথ ও পরিকল্পিত সবুজায়নের ব্যবস্থা রাখা হয়েছে। দেশে ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ তৈরির মাধ্যমে কাস্টমস কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়ানোই এ একাডেমি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।

পণ্য খালাসের সময় কমবে ২৫ শতাংশ

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দেশজুড়ে কাস্টমস সেবার মান বাড়াতে নীতিগত, প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি পণ্য খালাসের গড় সময় বর্তমান ১১ দিন ৬ ঘণ্টা থেকে ২৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গ্রিন চ্যানেলের মাধ্যমে পণ্য খালাসের হার প্রায় শূন্য থেকে ৬০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ঝুঁকিভিত্তিক মূল্যায়ন ও কাস্টমস গোয়েন্দা কার্যক্রম জোরদারের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থল শুল্ক স্টেশনগুলোতে সরাসরি পণ্য পরীক্ষার হার বর্তমান প্রায় ২০ শতাংশ থেকে ১০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। স্বয়ংক্রিয় ব্যবস্থা ও ডিজিটাল সেবা চালুর মাধ্যমে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের কাস্টমস কার্যালয় এবং বন্দরে সশরীরে যাতায়াত অন্তত ৬০ শতাংশ কমানোর পরিকল্পনা করা হয়েছে।

একই সঙ্গে আমদানি পণ্যের ঘোষণাপত্র জমা দেওয়ার প্রথম দিনেই শুল্কায়নের হার ৭১ শতাংশ থেকে ৮০ শতাংশে এবং রপ্তানি পণ্যের ক্ষেত্রে ৩৪ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব লক্ষ্য অর্জনে কাস্টমস ঝুঁকি ব্যবস্থাপনা কমিশনারেটের সক্ষমতা বাড়ানো, ঝুঁকিভিত্তিক পণ্য পরীক্ষার জন্য চালান নির্বাচনব্যবস্থার উন্নয়ন এবং পণ্য বন্দরে পৌঁছানোর আগেই শুল্কায়ন প্রক্রিয়া ও পণ্য খালাস-পরবর্তী নিরীক্ষা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ রয়েছে।

এ ছাড়া বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো ব্যবস্থার উন্নয়ন, অনুমোদিত অর্থনৈতিক অপারেটর কর্মসূচির সম্প্রসারণ এবং বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনায় সংস্কার আনার পরিকল্পনা রয়েছে প্রকল্পটিতে। পাশাপাশি পাঁচ বছর মেয়াদি শুল্কহার যৌক্তিকীকরণ পরিকল্পনা বাস্তবায়ন এবং বাংলাদেশের নামমাত্র সুরক্ষা হার ২০ শতাংশ কমানোর উদ্যোগেও সহায়তা করবে প্রকল্পটি।

অস্থায়ী কার্যালয়ে স্থানান্তর হচ্ছে কার্যক্রম

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ আল আমিন জানান, আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অস্থায়ী কার্যালয়ে কাস্টমসের কার্যক্রম ধাপে ধাপে স্থানান্তর করা হচ্ছে। ইতোমধ্যে শুল্কায়ন কার্যক্রমের উল্লেখযোগ্য অংশ সেখানে নেওয়া হয়েছে। তিনি জানান, গত ২৯ অক্টোবর মোট ২ হাজার ৫৫৬টি আমদানি পণ্যের ঘোষণাপত্র জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ৭৮টি ছিল বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতাভুক্ত, যা মোট ঘোষণাপত্রের প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ। এসব কার্যক্রম ইতোমধ্যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

কার্যক্রম নির্বিঘ্নে স্থানান্তর নিশ্চিত করতে এনবিআর, গণপূর্ত অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করছে কাস্টমস কর্তৃপক্ষ। এদিকে বিদ্যমান কাস্টমস ভবনে ব্যাংকিং সেবা দেওয়া সোনালী ব্যাংকের শাখাটিও কাস্টমসের বাকি কার্যক্রমের সঙ্গে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।