পানগাঁও ও মোংলা কাস্টমস হাউসে আমদানি করা তিনটি চালানে পণ্যের ঘোষণায় অসংগতি শনাক্ত করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব অনিয়মের ঘটনায় অতিরিক্ত শুল্ক ও জরিমানাসহ মোট ১ কোটি ২৫ হাজার ২৮৮ টাকা আদায় করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদর দপ্তরের অ্যানালাইসিস উইংয়ের ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতে চালান তিনটি আটকে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। পরে সংশ্লিষ্ট কাস্টমস হাউস চূড়ান্ত শুল্কায়ন ও রাজস্ব আদায়ের কার্যক্রম সম্পন্ন করে।
অ্যানালাইসিস উইংয়ের পানগাঁওভিত্তিক টিম-০২-এর বিশ্লেষণে এম/এস নবিলা ফ্যাশন ও রুবাবা বুটিকসের দুটি চালানে রাজস্ব ফাঁকির ঝুঁকি শনাক্ত হয়। গত ৭ ও ৮ নভেম্বর দাখিল করা বিল অব এন্ট্রি নম্বর ২০৯৫ ও ২০৯৭-এর বিপরীতে চালান দুটির মোট ঘোষিত ওজন ছিল ৩৪ হাজার ৮২৮ কেজি। চালান দুটিতে স্কার্ফ ও শাল ঘোষণা দেওয়া হলেও গোয়েন্দা বিশ্লেষণে স্কার্ফের তুলনায় বিভিন্ন আকারের শালের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা দেখা যায়। পণ্য দুটির এইচএস কোড ও মোট করভার একই হলেও শুল্কায়ন মূল্যের পার্থক্যের কারণে রাজস্ব ফাঁকির আশঙ্কা ছিল।
পরে সদর দপ্তরের দল এবং পানগাঁও কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের যৌথ পরীক্ষায় স্কার্ফের পরিমাণ কম এবং লেডিস শাল ও মিনি শালের পরিমাণ বেশি পাওয়া যায়। এর ভিত্তিতে পানগাঁও কাস্টমস হাউস চূড়ান্ত শুল্কায়ন করে চালান দুটি থেকে যথাক্রমে ৪৯ লাখ ৮৮ হাজার ৭৮৯ টাকা ৫৬ পয়সা এবং ৩৯ লাখ ৬৩ হাজার ৪১৮ টাকা ৪৪ পয়সা অতিরিক্ত রাজস্ব আদায় করে। এতে মোট আদায় হয় ৮৯ লাখ ৫২ হাজার ২০৮ টাকা।
অন্যদিকে, অ্যানালাইসিস উইংয়ের মোংলাভিত্তিক টিম-০৫-এর বিশ্লেষণে আবির ট্রেডার্সের একটি চালানে অসংগতি শনাক্ত হয়। ২৫ হাজার ৪৩২ কেজি ঘোষিত নেট ওজনের চালানটিতে গ্যাসের চুলার যন্ত্রাংশ আমদানি করা হলেও কাচের জন্য এইচএস কোড ৭০০৬.০০.০০ ঘোষণা দেওয়া হয়েছিল।
তবে মোংলা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের শতভাগ কায়িক পরীক্ষায় গ্যাসের চুলায় ব্যবহৃত টেম্পার্ড টপ গ্লাস পাওয়া যায়। পরীক্ষণ প্রতিবেদনে পণ্যটির প্রযোজ্য এইচএস কোড ৭০০৭.১৯.৯০ উল্লেখ করে অসত্য ঘোষণার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
পরবর্তী সময়ে মোংলা কাস্টমস হাউস চূড়ান্ত শুল্কায়নের মাধ্যমে ৪ লাখ ৭৩ হাজার ৮০ টাকা অতিরিক্ত রাজস্ব এবং ৬ লাখ টাকা অর্থদণ্ড ও বিমোচন জরিমানা আদায় করে। এতে মোট আদায়ের পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ৭৩ হাজার ৮০ টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, ঝুঁকি বিশ্লেষণ ও মাঠপর্যায়ে পণ্য পরীক্ষার মাধ্যমে তিনটি চালানের ঘোষণায় অসংগতি শনাক্ত করে জরিমানাসহ কোটি টাকার বেশি রাজস্ব আদায় সম্ভব হয়েছে।
