গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণসহ একনেকে ১৬ প্রকল্প অনুমোদন

গ্রামীণ সড়কে ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণসহ ১৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ, বৈদেশিক ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে। বুধবার রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। সূত্র জানায়, মোট ২১টি প্রকল্প উপস্থাপন করা হলেও পাঁচটি প্রকল্প নিয়ে সভায় কোনো আলোচনাই হয়নি। জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার কারণে দ্রুত একনেক বৈঠক শেষ করতে হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পও রয়েছে তালিকায়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ। এ ছাড়া জয়পুরহাট, ফরিদপুর ও রাজবাড়ী, সিলেট বিভাগের চার জেলা এবং বৃহত্তর যশোরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পৃথক প্রকল্প রয়েছে। পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পের মধ্যে রয়েছে- দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন এবং সেচ সুবিধা বাড়ানো। এ ছাড়া জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষার প্রকল্প রয়েছে। ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদ সুরক্ষা ও সংরক্ষণে মেট্রো ঢাকা প্রকল্পও অনুমোদন পেয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তাদের আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পও অনুমোদন পেয়েছে। সড়ক যোগাযোগ খাতে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করা হবে। পাশাপাশি মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।