সৌদি পৌঁছেছেন ৭৫,৫৩০ বাংলাদেশি হজযাত্রী

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ৭৫ হাজার ৫৩০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মোট ১৯৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত পাঁচজন নারীসহ মোট ১৮ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা গেছেন। পাশাপাশি সৌদি মেডিকেল টিম ৪০ হাজার ৮৬০ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ১৯ হাজার ৫৬৭ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

পরিচালক জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে। বিমান সংস্থাভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৭টি ফ্লাইটে ৩৮ হাজার ৪০১ জন, সৌদি এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে ২৬ হাজার ৯৮১ জন ও ফ্লাইনাসের ২৬টি ফ্লাইটে ১০ হাজার ১৪৮ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। অবশিষ্ট ২ হাজার ৮৫৮ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে যাবেন বলেও জানান লোকমান হোসেন।

এর আগে, ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯২৩ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস ৭৮ হাজার ৩৮৮টি ভিসা ইস্যু করেছে, যার মধ্যে ৪ হাজার ৪৬৫টি সরকারি এবং ৭৩ হাজার ৯২৩টি বেসরকারি ব্যবস্থাপনার আওতায়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।