সিআইসিতে সেলিনা, আয়কর গোয়েন্দায় মহিদুল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমিশনার পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। এর মধ্যে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ইউনিটের প্রধানের পদও রয়েছে। বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর এটি-েই এনবিআরে সবচেয়ে বড় রদবদল। এতে সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কর কমিশনার সেলিনা সুলতানা এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মহিদুল হাসান।

এনবিআরের আদেশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) একযোগে ২২ কর কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে ১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দিয়ে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে পদায়ন করা হয়েছে।

রদবদলের সবচেয়ে আলোচিত বিষয় হলো, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)-এর মহাপরিচালক হিসেবে সেলিনা সুলতানাকে দায়িত্ব দেওয়া। এর মধ্য দিয়ে প্রথম কোনো নারী কর্মকর্তা সিআইসি প্রধানের দায়িত্ব পেলেন। এর আগে তিনি ঢাকার কর অঞ্চল-৪-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে সিআইসির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল-৮ এর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের নতুন ডিজি করা হয়েছে সৈয়দ মহিদুল হাসানকে। তাকে কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক থেকে বদলি করা হয়েছে। বর্তমানে মহিদুল বিসিএস ট্যাক্সেসন অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসাবেও দায়িত্ব পালন করছেন।

পৃথক পৃথক আদেশ সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রথমে ১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দেওয়া হয়। পরে তাদেরসহ মোট ২২ কর কমিশনারকে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে ধারাবাহিক রদবদলের মধ্যে এনবিআরের কর গোয়েন্দা ইউনিটেও পরিবর্তন আনা হয়। সে সময় সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ আবদুর রকিব। এর আগে তিনি এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার ছিলেন।

তখন তার স্থলাভিষিক্ত করা হয়েছিল ঢাকার কর অঞ্চল-১৯-এর কমিশনার লুৎফুন্নাহার বেগমকে। নতুন প্রজ্ঞাপনে লুৎফুন্নাহার বেগমকে আবারও ঢাকার কর অঞ্চল-১৯-এর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের আগস্টে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এনবিআরের কর প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়। ওই বছরের সেপ্টেম্বরে সিআইসিসহ দেশের ৪০ জন কর কমিশনারকে একযোগে বদলি করা হয়েছিল। সে সময় সিআইসির মহাপরিচালক খাইরুল ইসলামকে বদলি করে তৎকালীন ঢাকার কর অঞ্চল-১৫-এর কমিশনার আহসান হাবিবকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আহসান হাবিবকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।