১৩ বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাকে হাজির করা হলে প্রসিকিউটর মিজানুল ইসলাম কারাগারে পাঠানোর আবেদন জানান। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ সময় ট্রাইব্যুনালের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ চাইলে আদালত আবদুল লতিফ সিদ্দিকীর কথা শোনেননি। এসময় তিনি নিজের ফাঁসির দাবি জানান। পরবর্তীতে আদালতকক্ষে পুলিশের সঙ্গে তার কিছুটা বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তাকে হাতকড়া পরিয়ে বের করে নেওয়া হয়। এ সময় তার ভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী আদালতে উপস্থিত ছিলেন। পরে তিনি দাবি করেন, তার বড় ভাইকে অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে এবং তারা এ বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাবেন। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-২।
এই মামলার ১০ নম্বর আসামি হিসেবে ২০১৩ সালে তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী শাপলা চত্বরে গণহত্যার ঘটনার পরিকল্পনাকারী ছিলেন বলে জানিয়েছেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার সূত্রে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে গুলশান-১ এর নিজ বাসভবন থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।
