মামলা প্রত্যাহার ছাড়া মিলবে না বিশেষ প্রণোদনা

বন্ধ কারখানা পুনরায় চালু এবং অর্থনৈতিক কার্যক্রমে গতি আনতে বিভিন্ন খাতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পাশাপাশি সুদ মওকুফ এবং এককালীন এক্সিটের মতো সুবিধাও রাখা হয়েছে। তবে এসব সুবিধা পেতে হলে সরকার, বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে করা রিট ও মামলা প্রত্যাহার করতে হবে—এমন শর্ত আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে বুধবার সব ব্যাংকে একটি নির্দেশনা পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়াতে ব্যাংকগুলোর মাধ্যমে বিভিন্ন প্রণোদনা ও নীতিসহায়তা দেওয়া হচ্ছে। এর আওতায় বন্ধ হওয়া রপ্তানিমুখী কল-কারখানা চালু, কৃষি ও সিএমএসএমই খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। কোনো–কোনো গ্রাহক এসব সুবিধার জন্য আবেদন করছে। আবার সরকার, বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকের বিরুদ্ধে মামলা বা রিট অব্যাহত রাখছে।

বর্তমান পরিস্থিতিতে প্রণোদনা তহবিল থেকে অর্থ পাওয়ার জন্য নতুন একটি শর্ত আরোপ করা হয়েছে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ঘোষিত কোনো প্রণোদনা প্যাকেজ বা নীতিগত সহায়তা নিতে চাইলে আবেদনকারীর দায়ের করা মামলা—যেমন রিট পিটিশন বা অন্য কোনো আইনি পদক্ষেপ—যদি অনিষ্পন্ন থাকে, তা আগে অবশ্যই প্রত্যাহার করতে হবে। এ ক্ষেত্রে মামলা প্রত্যাহারের প্রমাণসহ, কোনো মামলা অনিষ্পন্ন নেই—এ মর্মে আবেদনকারীকে একটি হলফনামা ব্যাংকে জমা দিতে হবে। পাশাপাশি প্রত্যাহার করা মামলাগুলোর তালিকা সংযুক্ত করে এরপর প্রণোদনার জন্য আবেদন করা যাবে।