রূপপুরে সাড়ে আট ঘণ্টায় ২০ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন

এক দশকের বেশি সময়ের অপেক্ষা, বিনিয়োগ ও নানা কারিগরি পরীক্ষার পর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। গত মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে টানা সাড়ে আট ঘণ্টায় প্রায় ২০ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে কেন্দ্রটি। প্রতি ইউনিট বিদ্যুতের সম্ভাব্য দাম ১০ টাকা ধরে এর আর্থিক মূল্য প্রায় ২ কোটি টাকা।

দেশের জ্বালানি খাতে এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে পারমাণবিক প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের নতুন অভিজ্ঞতা ও সক্ষমতা অর্জন করল বাংলাদেশ। কেন্দ্রটির দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়ার পাশাপাশি লোডশেডিং কমাতেও বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রথম দফায় বিদ্যুৎ উৎপাদনের পর মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে কেন্দ্রটি বন্ধ করা হয়। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। পরে উৎপাদন কমিয়ে আনা হয়। তবে কেন্দ্রটির নিজস্ব বিদ্যুৎ ব্যবহারের পর অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। প্রকল্পের নিজস্ব বিদ্যুতের চাহিদা ৭০ থেকে ৮০ মেগাওয়াট।

রূপপুরের উৎপাদিত বিদ্যুতের দাম এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রতি ইউনিটের দাম ১০ টাকার আশপাশে হতে পারে বলে ধারণা পাওয়া গেছে। সে হিসাবে প্রথম দফায় উৎপাদিত বিদ্যুতের মূল্য প্রায় ২ কোটি টাকা। গ্রাহক পর্যায়ের খুচরা দাম বিবেচনায় নিলে এই মূল্য আরও বেশি হবে। কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে প্রতিদিন প্রায় ৫ কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রতি ইউনিটের দাম ১০ টাকা ধরে দৈনিক বিদ্যুতের আর্থিক মূল্য দাঁড়াবে প্রায় ৫০ কোটি টাকা।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম মঙ্গলবার জানিয়েছেন, এখন পর্যন্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ও প্রস্তুতি সন্তোষজনক। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুতে পূর্ণ সক্ষমতায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তির মাধ্যমে তৈরি বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহার বাদ দিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে ১ হাজার ৩০ থেকে ১ হাজার ৫০ মেগাওয়াট। চুক্তি অনুযায়ী, ১ হাজার ৩০ মেগাওয়াটের কম বিদ্যুৎ সরবরাহ করলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৬০ থেকে ২ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতার তুলনায় ২০ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন অনেক কম। ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। তবে এই প্রাথমিক উৎপাদনও দেশের জন্য বড় অর্জন। এ সফলতার বড় অংশীদার এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারীরা।

তিনি জানান, বিদ্যুৎ উৎপাদনের সময় টারবাইন, জেনারেটরসহ অন্যান্য যন্ত্রপাতি এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। কেন্দ্রটি চালুর ফলে কোনো ধরনের কারিগরি ত্রুটি বা ব্যত্যয় ঘটেছে কি না, তা যাচাই করা হচ্ছে। এরপর আবারও নির্দিষ্ট সময়ের জন্য জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। এ সময় বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, কমানো ও বন্ধ করার পরীক্ষা চলবে।

এখনো কয়েকশ কারিগরি পরীক্ষা সম্পন্ন করতে হবে। ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে সি ধাপের কার্যক্রম শেষ হওয়ার পর শুরু হবে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন। বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে শুধু উৎপাদন শুরু করাই সাফল্যের মাপকাঠি নয়। দীর্ঘ সময় ধরে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রাখার প্রায় ২৮ ঘণ্টা পর কেন্দ্রটি আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। এ সময় প্রয়োজনীয় কারিগরি ও পরিচালন-সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি সংস্থা রসাটম স্টেট করপোরেশনের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেছেন, পারমাণবিক বিদ্যুৎ বাংলাদেশকে উন্নত প্রযুক্তিতে প্রবেশাধিকার দেওয়ার পাশাপাশি প্রকৌশল ও বৈজ্ঞানিক গবেষণার বিকাশে সহায়তা করবে। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, কেন্দ্রটির প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু দুই দেশের জন্য ঐতিহাসিক ঘটনা। এর মাধ্যমে বাংলাদেশ নির্ভরযোগ্য, স্থিতিশীল ও পরিবেশবান্ধব জ্বালানির উৎস পাবে। একই সঙ্গে আমদানি করা হাইড্রোকার্বনের ওপর নির্ভরতা কমবে।

এদিকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজও পুরোদমে চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এ ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করা হতে পারে। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, ২০২৭ সালের ডিসেম্বরের শেষ দিকে অথবা ২০২৮ সালের জানুয়ারিতে দ্বিতীয় ইউনিট থেকেও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে লোডশেডিং কমার পাশাপাশি জ্বালানি আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে। একই সঙ্গে তেল ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তুলনায় পারমাণবিক বিদ্যুতের উৎপাদন খরচও কম হবে বলে আশা করা হচ্ছে।