দায়িত্ব গ্রহণের পরই রাজস্ব আহরণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। তিনি বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনই এখন তার প্রধান দায়িত্ব এবং প্রতিদিনের মূল কাজ। আজ মঙ্গলবার দুপুরে এনবিআর কার্যালয়ে নিজ দপ্তরে সদস্য, কমিশনার ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এনবিআরে আসার আগে তিনি সকালে সচিবালয়ে গিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব গ্রহণ করেন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের প্রাক্কলন করা হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০ দশমিক ২ শতাংশ। এর মধ্যে এনবিআরের মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কর্মকর্তাদের উদ্দেশে আহসান হাবিব বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে এবং রাষ্ট্রের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে এনবিআরকে আরও কার্যকরভাবে কাজ করতে হবে। সবার মধ্যে আন্তরিকতা, পরিশ্রম ও দেশপ্রেমের কোনো ঘাটতি নেই। সততা, নিষ্ঠা ও কঠো দায়িত্ব পালনের মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানোর মধ্য দিয়েই দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব। তিনি বলেন, এনবিআরের চেয়ারম্যান হিসেবে তার কাছে কর ও শুল্ক- উভয় বিভাগই সমান গুরুত্বপূর্ণ। কোনো কর্মকর্তা বা ক্যাডার পরিচয়ের ভিত্তিতে নয়, বরং এনবিআরের তথা দেশের সামগ্রিক স্বার্থকে সামনে রেখেই তিনি দায়িত্ব পালন করবেন।
আহসান হাবিব বলেন, তিনি এখন শুধু কোনো একটি ক্যাডারের প্রতিনিধি নন। সরকারের একজন কর্মকর্তা এবং এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার কাছে সবাই সমান। আয়কর ও কাস্টমস- দুই বিভাগই এনবিআরের অবিচ্ছেদ্য অংশ। যেকোনো একটি দুর্বল হয়ে গেলে পুরো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, এনবিআর একটি ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান। এখানে কোনো বিভাজনের সুযোগ নেই। সরকারের যে দায়িত্ব এনবিআরের ওপর অর্পিত হয়েছে, তা সফলভাবে বাস্তবায়ন করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
