ম্যাজিস্ট্রেট নওশাদের সহায়তায় ১ ঘণ্টায় হারানো ব্যাগ উদ্ধার

শাহজালালে বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরায় খুঁজে এক ঘণ্টার চেষ্টায় যাত্রীর হারানো ব্যাগ উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট নওশাদ খানের সহায়তায় এর পাশাপাশি একজন নেশাগ্রস্ত গণউপদ্রবকারীকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি মোট ১৮ জনকে অপরাধ অনুযায়ী দণ্ড দেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ম্যাজিস্ট্রেট নওশাদ নিজেই।

পোস্টে তিনি লেখেন, প্রায় প্রতিদিন বিভিন্ন মানুষের ছোট-বড় অনেক সমস্যার সমাধান মহান আল্লাহ আমাদের মাধ্যমে করে দেন। একটু আন্তরিক চেষ্টায় আজকেও (শনিবার) বেশ কয়েকজনের বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে। ঘণ্টাখানেক সময় সিসি ক্যামেরায় খুঁজে খুঁজে যাত্রীর হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে মালিকের হাতে তুলে দিতে পেরেছি। আরেক প্রবাসী যাত্রীর অনলাইনে চেকইন থাকার পরও প্রায় মিস করা বিমান আমাদের টিম, এয়ারলাইন্স ও ইমিগ্রেশনের সহায়তায় তুলে দেওয়া গিয়েছে। এছাড়াও, হয়রানির শিকার আরেক প্রবাসীর যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা গিয়েছে বলে জানান তিনি।

অন্য এক প্রবাসীর পকেট থেকে পড়ে যাওয়া গোল্ড চুরি করা যাত্রী শনাক্তসহ আরও বেশকিছু কাজ করার সুযোগ হয়েছে উল্লেখ করে ম্যাজিস্ট্রেট নওশাদ লেখেন,এমন অনেক ভালো কাজ আমাদের সব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ টিম এয়ারপোর্ট এর প্রায় সবাই করছে প্রতিদিন। অল্প মন্দের ভিড়ে অনেক ভালো কাজ আড়ালে থেকে যায়। একইভাবে আজ একজন নেশাগ্রস্ত গণউপদ্রবকারীকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি মোট ১৮ জনকে অপরাধ অনুযায়ী দণ্ড দেওয়া হয়েছে। যেখানে সরাসরি না হলেও আরও কিছু মানুষের সমস্যা কমবে এবং অনেকেই উপকৃত হবে।

অনেক সময় সামান্য একটু চেষ্টায় অন্যের বড় উপকার হয় বলে মন্তব্য করেন তিনি। ম্যাজিস্ট্রেট নওশাদ খান আরও লেখেন, আন্তরিক চেষ্টা কঠিন সমস্যাগুলো সমাধানের পথ দেখায়। মানুষের প্রয়োজনে পাশে থেকে উপকার করতে পারা অনেক বেশি তৃপ্তির ও আনন্দের! সমস্যা সমাধানের পর মানুষের চোখে প্রতিফলিত কৃতজ্ঞতাবোধ ও নিজের ভালোলাগা সব কাজের সবচেয়ে বড় মোটিভেশন হিসেবে কাজ করে। শেষে তিনি লেখেন, মহান আল্লাহ আমাদের সবাইকে এই সুযোগ তৈরি করে দেন। সে সুযোগ কাজে লাগলে দিনশেষে নিজেকে স্বার্থক মনে হয়! ভালো থাকুক বাংলাদেশের মানুষ। ভালো থাকুক আমাদের বাংলাদেশ।