দুর্নীতির অভিযোগ থাকায় জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামের নামে থাকা ২৫ ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। দুদক প্রসিকিউটর তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. সাইদুজ্জামান এসব ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আবু হেনা রহমাতুল মুনীম, ঈদতাজুল ইসলাম ও অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ কমিশনে অনুসন্ধানাধীন আছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব নিম্নবর্ণিত ব্যাংক হিসাবসমূহে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে।
আদালতের আদেশে আবু হেনা মো. রহমাতুল মুনীমের নামে ব্র্যাক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও প্রাইম ব্যাংকের একাধিক হিসাব রয়েছে। তার স্ত্রী লায়লা জেসমিনের নামেও অগ্রণী ও প্রাইম ব্যাংকের হিসাব রয়েছে। ঈদতাজুল ইসলামের নামে ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক (এমবিপিএলসি) ও সোনালী ব্যাংকের একাধিক হিসাব রয়েছে। এছাড়া শর্মি মালা আনসারীর নামেও মার্কেন্টাইল ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও উত্তরা ব্যাংকের একাধিক হিসাব রয়েছে।
দুদকের আবেদনে মোট ২৫টি ব্যাংক হিসাবের তথ্য দেওয়া হয়েছে। এসব হিসাবের মধ্যে ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও উত্তরা ব্যাংকের হিসাব রয়েছে। আবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ এবং ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে কমিশনের অনুমোদন নিয়ে সেগুলো ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন করা হবে। এর আগে মুনীম, ঈদতাজুল ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ২০২৫ সালের মে মাসে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।
** রহমাতুল মুনীমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
** মুনিম-ঈদতাজুলের অনিয়মের তথ্য চায় দুদক
