মসলার আড়ালে শিশা, আমদানিকারকসহ গ্রেপ্তার ৩

মসলার আড়ালে হংকং থেকে বাংলাদেশে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। দীর্ঘ দুই মাস গোয়েন্দা নজরদারির পর এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আল ফাখের ব্র্যান্ডের ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়।

গত ১১ নভেম্বর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল রাজধানীর বংশাল থানার নর্থ সাউথ রোডে অবস্থিত আস সুন্নাহ নামের প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির ভেতর থেকে মো. সোলায়মান আহমেদ শুভ (৩১) নামের একজনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটির ভেতরে তল্লাশি চালিয়ে তিনটি কার্টনে রাখা আল ফাখের ব্র্যান্ডের ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘ দুই মাস ধরে শিশা আমদানির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি চালানো হয়। একপর্যায়ে অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ ক্রেতা সেজে চক্রটির কাছে ৫ কেজি শিশার অর্ডার দেন। এরপর আমদানির পুরো প্রক্রিয়া নজরদারিতে রাখা হয়। ওই শিশা সংগ্রহ করতে গিয়ে অতিরিক্ত আরও ২৫ কেজিসহ মোট ৩০ কেজি অবৈধ শিশার সন্ধান পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানার সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল আহমেদের কাছ থেকে তিনি শিশাগুলো সংগ্রহ করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর সকালে উত্তরা এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে মালিক শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিশা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

পরে শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ১১ নম্বর সেক্টরে ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রতিষ্ঠানটির মালিক মো. মেহেদী হাসানকে (৪৬) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশাগুলো বাংলাদেশে আমদানি করে শাকিলের কাছে সরবরাহ করতেন। পরে শাকিলের মাধ্যমে সেগুলো সোলায়মানের কাছে পৌঁছাত।

গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে সালমান নিবিড় (২৬) নামের আরও একজনের সঙ্গে শিশা কেনাবেচা ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, সালমানসহ তাঁরা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে অবৈধ শিশার ব্যবসা পরিচালনা করে আসছেন। এ চক্রে আরও কয়েকজন জড়িত রয়েছেন। সালমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উদ্ধার করা শিশার উৎস ও আমদানি প্রক্রিয়া নিয়ে অধিকতর তদন্ত করছে অধিদপ্তর। বিশেষ করে মসলার আড়ালে কীভাবে হংকং থেকে এসব পণ্য আমদানি করা হয়েছে এবং আমদানির সময় কাস্টমসের শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধের প্রক্রিয়া কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বৈধ আমদানির কাগজপত্র ও শুল্ক-ভ্যাট পরিশোধের আড়ালে অবৈধ মাদক আমদানি করা হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার সোলায়মান আহমেদ শুভ, শাকিল আহমেদ ও মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বংশাল থানায় মামলা করা হয়েছে। মামলাটি অধিদপ্তরের একজন কর্মকর্তা তদন্ত করছেন। চক্রের পলাতক সদস্য ও অন্য সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকের অবৈধ সরবরাহ ও বিপণন বন্ধে গোয়েন্দা নজরদারি, সাইবার তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।