দুই রপ্তানিকারকের চালানে অনিয়ম, দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি

বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স অবৈধভাবে সরিয়ে নেওয়া এবং রপ্তানি চালানে ঘোষণাবহির্ভূত পণ্য পাঠানোর অভিযোগে দুই রপ্তানিকারক প্রতিষ্ঠানের চালানে অনিয়ম উদ্ঘাটন করেছে চট্টগ্রাম কাস্টম হাউসের আইসিডি শাখা। পৃথক দুটি অভিযানে প্রায় দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স অবৈধভাবে অপসারণের কারণে রাজস্ব ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার বেশি। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টম হাউসের আইসিডি শাখার কমিশনারের নির্দেশনায় প্রতিরোধী দল অভিযান দুটি পরিচালনা করে।

প্রথম অভিযানটি চালানো হয় গত ১১ নভেম্বর বুধবার দুপুর ১২টায় কিউএনএস কনটেইনার সার্ভিস লিমিটেডের পণ্য রাখার স্থানে। এ সময় রপ্তানিকারক প্রতিষ্ঠান ঈগল টেক্সটাইলসের একটি চালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। ঢাকার সাভারের কাটগড়া বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটির রপ্তানি ঘোষণা নম্বর সি-৭১২৮৩৬, যা গত ৯ নভেম্বর দাখিল করা হয়েছিল।

চালানটিতে নারীদের শার্ট, পুরুষদের শার্ট, নারীদের প্যান্ট ও নারীদের পোশাক—এই চার ধরনের পণ্য থাকার ঘোষণা দেওয়া হয়। মোট কার্টনের সংখ্যা ছিল ২৩৭টি। তবে পরীক্ষায় নিট ও ডেনিম কাপড়ে তৈরি ১৪ ধরনের ১ লাখ ৭৩ হাজার ৩৪৯ পিস মজুত পোশাক পাওয়া যায়, যা রপ্তানি ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ ছাড়া বিকেএমইএর দেওয়া ইউডি নম্বর ২৬/২৬৪২/১-এ কাপড়ের উপাদান ৯৫ শতাংশ পলিয়েস্টার ও ৫ শতাংশ স্প্যানডেক্স মুদ্রিত বোনা কাপড় উল্লেখ থাকলেও পরীক্ষায় পাওয়া পণ্যের সঙ্গে এর মিল পাওয়া যায়নি। বন্ড সুবিধায় আমদানি করা কাপড় অবৈধভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় জড়িত রাজস্বের পরিমাণ ৮০ লাখ টাকার বেশি বলে ধারণা করছে কাস্টমস। পাশাপাশি স্থানীয়ভাবে সংগ্রহ করা তৈরি পোশাকের বিপরীতে ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রায় ৯ লাখ টাকার মূল্য সংযোজন কর পরিহারের তথ্য পাওয়া গেছে।

দ্বিতীয় অভিযানটি পরিচালনা করা হয় গত ২৮ অক্টোবর বুধবার বিকেল ৩টায় শফি মোটরস লিমিটেডের পণ্য রাখার স্থানে। সেখানে রিয়াজ নিটওয়্যার লিমিটেডের একটি রপ্তানি চালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। প্রতিষ্ঠানটির রপ্তানি ঘোষণা নম্বর সি-৬৪৯০৪৬, যা গত ২৭ অক্টোবর দাখিল করা হয়েছিল।

চালানটিতে ৬৮৭ কার্টনে পুরুষদের পোলো শার্ট থাকার ঘোষণা দেওয়া হয়। কিন্তু পরীক্ষায় নিট ও ডেনিম কাপড়ে তৈরি ৫০ ধরনের পোশাক পাওয়া যায়, যা ঘোষণার সঙ্গে মেলেনি। এ ছাড়া বিজিএমইএর দেওয়া ইউডি নম্বর ২৬/২৫১২/১৮ অনুযায়ী ৯৬ শতাংশ পলিয়েস্টার ও ৪ শতাংশ স্প্যানডেক্স কাপড়ে তৈরি ৬৫ হাজার ৫০ পিস পণ্য থাকার কথা থাকলেও কায়িক পরীক্ষায় সেগুলো পাওয়া যায়নি। এ ঘটনায় বন্ড সুবিধায় আমদানি করা কাপড় অবৈধভাবে অপসারণের সঙ্গে জড়িত রাজস্বের পরিমাণ আনুমানিক ৭০ লাখ টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস।

কাস্টম হাউস সূত্রে জানা গেছে, উভয় ঘটনার চূড়ান্ত প্রতিবেদন তৈরির পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। রাজস্ব সুরক্ষা এবং বন্ড সুবিধার অপব্যবহার রোধে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।