মজুরি না পেয়ে কর্মবিরতিতে চা বাগানের শ্রমিকেরা

দেউন্দি টি কোম্পানির অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জে একটি এবং হবিগঞ্জে তিনটিসহ মোট চারটি চা বাগানে শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন। সাপ্তাহিক মজুরি বকেয়া থাকার অভিযোগে তারা সোমবার (২৫ মে) থেকে কর্মবিরতি পালন করছেন। ঈদের আগে মজুরি না পাওয়ায় বিশেষ করে মুসলিম শ্রমিক পরিবারগুলো হতাশায় পড়েছে। তবে বাগান কর্তৃপক্ষ বলছে, কোনো বকেয়া নেই; আংশিক পরিশোধের প্রস্তাব দেওয়া হলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেছে। এদিকে দ্রুত বকেয়া পরিশোধ করে বাগান চালুর দাবি জানিয়েছে চা শ্রমিক সংঘ।

দেউন্দি টি কোম্পানি লিমিটেডের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের লিখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কৃষি ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় ২১ মে থেকে চা শ্রমিকদের সাপ্তাহিক মজুরি (তলব) বন্ধ রয়েছে। পরবর্তী মজুরি প্রদান ব্যাংক ঋণের ওপর নির্ভর করছে। একই সঙ্গে বলা হয়, যতদিন পর্যন্ত তলব দেওয়া সম্ভব না হবে, ততদিন শ্রমিকদের স্ববেতনসহ অন্যান্য মজুরি বহন করা হবে না। তবে ব্যাংক থেকে ঋণ পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাপ্তাহিক মজুরি না পাওয়ায় শ্রমিকরা অফিসের সামনে জড়ো হয়ে বেতন দাবি করলে এ সিদ্ধান্ত জানানো হয়।

এদিকে সোমবার (২৫ মে) সকাল থেকে সাপ্তাহিক তলবের দাবিতে মিরতিংগা চা-বাগানের চা-ফ্যাক্টরিতে চা-শ্রমিকদের পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী কর্মবিরতি পালন করেন। চা-শ্রমিকদের নিয়মিত সপ্তাহিক তলব গত বৃহস্পতিবারে দেওয়ার কথা থাকলেও কৃষি ব্যাংকের লোনের অজুহাতে বাগান কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। মিরতিংগা চা-বাগানে ২ শতাধিক মুসলিম চা-শ্রমিকের বসবাস, যাদের এই মুজুরিতে জীবিকা নির্বাহ করতে হয়।

মিরতিংগা চা বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিকের সভাপতিত্বে কর্মবিরতির নেতৃত্ব দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালী সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য ধনা বাউরি, চা-ছাত্র যুব পরিষদ মনু-ধলই ভ্যালীর যুগ্ম আহব্বায়ক মানিক প্রসাদ পাল, সিরাজুল ইসলাম জব্বার, রামনারাইন কৈরী, ইমরান নাজির প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কৃষি ব্যাংক ঋণ না দেওয়ায় অর্থ সংকটের কারণে চা শ্রমিকদের সাপ্তাহিক মজুরি ও স্টাফদের বেতন-ভাতা, ঈদ বোনাস, পূজা উৎসব বোনাসসহ অন্যান্য খরচ দিতে পারছে না বাগান কর্তৃপক্ষ। দেউন্দি টি কোম্পানির অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগান ও হবিগঞ্জ জেলার লাল চান্দ, নোয়াপাড়া, দেউন্দি চা বাগানে গত সপ্তাহে সাপ্তাহিক মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা না দেওয়ায় শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করে।

মিরতিংগা চা বাগানের ইউপি সদস্য ও চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালির সভাপতি ধনা বাউরী বলেন, ঈদের ঠিক আগ মুহুূর্তে পূর্ণ মজুরি প্রদান না করায় শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন। এই চা বাগানে কমপক্ষে শতাধিক মুসলিম শ্রমিক পরিবার রয়েছে। তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তাছাড়া কোম্পানি শ্রমিকদের স্ববেতনে বকেয়া মজুরি প্রদানেরও নিশ্চয়তা দিচ্ছে না। ফলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠছেন।

দেউন্দ টি কোম্পানি লিমিটেড এর কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের ডেপুটি ব্যবস্থাপক রেজাউল হায়াত খান বলেন, এই বাগানে শ্রমিকদের কোনো বকেয়া নেই। ব্যাংক থেকে গত বৃহস্পতিবার টাকা উত্তোলন করা যায়নি। তবে এই সপ্তাহে তাদের হাফ পেমেন্ট দিতে চাইলে শ্রমিকরা সেটি নিতে চায়নি। এখন তারা আন্দোলন শুরু করেছে।