ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) গ্রাহকদের জন্য চালু হয়েছে নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড। এ কোড ব্যবহার করে একজন ব্যক্তি সরাসরি অন্য ব্যক্তির ব্যাংক হিসাব বা এমএফএস হিসাবে টাকা পাঠাতে পারবেন। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হয়েছে। এর ফলে ভুল হিসাবে টাকা চলে যাওয়া ও জালিয়াতির ঝুঁকি কমবে। ডিজিটাল লেনদেন আরও সহজ ও সর্বজনীন করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এ ব্যবস্থা চালু করা হয়েছে।
কোথায় মিলছে নিজস্ব কোড
নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড মিলবে ব্যক্তির ব্যবহার করা ব্যাংক বা এমএফএস অ্যাপে। এ জন্য ব্যবহারকারীকে অ্যাপগুলোর হালনাগাদ ভার্সন ডাউনলোড করতে হবে। এরপর নিজস্ব কিউআর কোড অন্যদের পাঠিয়ে টাকা পাঠানোর জন্য ব্যবহারের পরামর্শ দেওয়া যাবে। জানা যায়, এত দিন ‘বাংলা কিউআর’ দিয়ে দোকানে কেনাকাটা বা সেবার বিল পরিশোধের (মার্চেন্ট পেমেন্ট) সুযোগ ছিল। নতুন নিয়মে ব্যাংক বা এমএফএস হিসাবের বিপরীতে তৈরি ব্যক্তিগত বাংলা কিউআর দিয়ে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) পর্যায়ে লেনদেন করা যাচ্ছে। এতে ব্যাংক বা এমএফএস হিসাব নম্বর ও নাম আলাদাভাবে লেখার প্রয়োজন হবে না। কিউআর স্ক্যান করলেই স্বয়ংক্রিয়ভাবে হিসাবের বিবরণ চলে আসবে। এরপর পিন নম্বর দিয়ে লেনদেন সম্পন্ন করা যাবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের সব তফসিলি ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) নির্দেশনামূলক চিঠি পাঠিয়েছিল। এতে গ্রাহকের সুবিধার জন্য ৩১ অক্টোবরের মধ্যে নিজ নিজ মোবাইল অ্যাপে কিউআর প্রস্তুত, স্ক্যান ও গ্যালারি থেকে ছবি আপলোডের প্রয়োজনীয় ফিচার বা সুবিধা যুক্ত করতে বলা হয়। এরপরই তা যুক্ত করেছে ব্যাংক ও এমএফএসগুলো।
বাংলাদেশ ব্যাংক জানায়, গ্রাহকেরা তাঁদের নিজ নিজ ব্যাংক বা এমএফএস অ্যাপে একটি ‘পারসোনাল বাংলা কিউআর’ পাচ্ছেন। টাকা পাঠানোর সময় প্রেরককে দীর্ঘ ব্যাংক হিসাব নম্বর, রাউটিং নম্বর কিংবা ১১ সংখ্যার মোবাইল নম্বর লিখতে হবে না। প্রাপক মোবাইলের স্ক্রিনে কিউআর দেখাবেন। প্রেরক নিজের অ্যাপ দিয়ে সেটি স্ক্যান করে অর্থ পাঠাতে পারবেন। দূরে থাকা প্রাপক কিউআরের ছবি তুলে বা স্ক্রিনশট পাঠালেও হবে। প্রেরক অ্যাপের গ্যালারি থেকে সেই ছবি আপলোড করে সরাসরি লেনদেন করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, কিউআর স্ক্যান বা ছবি আপলোড করার সঙ্গে সঙ্গেই স্ক্রিনে প্রাপকের নাম ও সংক্ষিপ্ত অ্যাকাউন্ট নম্বর দেখা যাবে। ফলে ভুল নম্বরে টাকা যাওয়ার সুযোগ থাকবে না। বাংলাদেশ ব্যাংক পরিচালিত ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে লেনদেন নিষ্পন্ন হবে।
বাংলাদেশ ব্যাংকের বিবৃতি
বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সেবা চালু হয়েছে। এ সেবার মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে সহজে, দ্রুত ও নিরাপদে টাকা পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে প্রাপকের মোবাইল নম্বর বা হিসাব নম্বর আলাদাভাবে লেখার প্রয়োজন হবে না। কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের মাধ্যমে লেনদেন সম্পন্ন করা যাবে। এতে ব্যক্তিপর্যায়ে ডিজিটাল অর্থ স্থানান্তর আরও সহজ ও সুবিধাজনক হবে। পাশাপাশি দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতেও এ সেবা ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংকের মতে, এ উদ্যোগ দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি নগদবিহীন লেনদেনের প্রসারেও সহায়ক হবে।
