জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণ ও অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা জোরদারে কর্মপরিকল্পনা বাস্তবায়ন দল (পিআইটি) পুনর্গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। অর্থ বিভাগের বাজেট শাখা-৩ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি গত ২৮ অক্টোবর জারি করা হলেও তা প্রকাশ করা হয়েছে রোববার (১ নভেম্বর)।
এতে বলা হয়েছে, অর্থ বিভাগ প্রণীত সরকারি আর্থিক ব্যবস্থাপনা (পিএফএম) কর্মপরিকল্পনার ‘কম্পোনেন্ট-২: ডমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন (ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ)’ বাস্তবায়নের জন্য এ দল পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত পাঁচ সদস্যের এ দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (চলতি দায়িত্ব) (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) কাজী লতিফুর রহমান।
দলের অন্য সদস্যরা হলেন- এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) পরিচালক মো. মনিরুজ্জামান, কর অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের প্রথম সচিব সিরাজুম মুনীর, কাস্টমস নীতির প্রথম সচিব তারেক হাসান এবং কাস্টমস আধুনিকায়ন ও প্রকল্প ব্যবস্থাপনার দ্বিতীয় সচিব নাজমা জ্যাবিন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুনর্গঠিত এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন দল ২০২৬ সালের ২৪ আগস্ট থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব আনিছুর রহমান বালীর সই করা প্রজ্ঞাপনটি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
