বন্ধ মেঘনা পেটের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের উৎপাদনসহ সার্বিক ব্যবসায়িক কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে তদন্ত করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোনো যৌক্তিক কারণ খুঁজে পায়নি।

জানা গেছে, গত ৮ মার্চ মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ছিল ২৩.৬০ টাকা, যা ৫ জুলাই বেড়ে ৮৪.২০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ চার মাসে শেয়ারটির দাম বেড়েছে ৬০.৬০ টাকা বা প্রায় ২৫৭ শতাংশ। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়টি নজরে নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির কাছে কারণ জানতে চায়। এর জবাবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, কয়েক বছর ধরেই উৎপাদন বন্ধ এবং ধারাবাহিক লোকসানে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। ফলে কোম্পানিটি থেকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাওয়া দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এমনকি সর্বশেষ কবে লভ্যাংশ দেওয়া হয়েছে, সে তথ্যও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাওয়া যাচ্ছে না।

লোকসানি এই প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ২.৭৫ টাকা হিসেবে মোট প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা ক্ষতির মুখে পড়ে। ২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯১ কোটি ২৭ লাখ টাকা, যার মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে সাধারণ বিনিয়োগকারীদের দখলে রয়েছে ৫৬ দশমিক ৪৫ শতাংশ শেয়ার।